সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা পরিষদে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের সামনে বিদ্যুতের সংযোগ বোর্ডে শর্টসার্কিট থেকে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে উপজেলা পরিষদ চত্বর।
গত বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে ইউএনওর কার্যালয়ের সামনে থাকা একটি বিদ্যুতের সংযোগ বোর্ডে আগুন লাগে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের কর্মীরা।
শাহজাদপুর ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার পারভেজ আহমেদ জানান, বিদ্যুতের বোর্ডে আগুন লাগার খবর পেয়ে তাঁরা দ্রুত ঘটনাস্থলে যান। সেখানে বোর্ডে আগুন জ্বলতে দেখে পানি ব্যবহার না করে রাসায়নিক পদার্থের সাহায্যে আগুন নেভানো হয়। ফলে আগুন ছড়িয়ে পড়তে পারেনি। বোর্ডটির ভেতরে পাখির বাসা ছিল। এ কারণে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে, ঘটনার পর পল্লী বিদ্যুতের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মো. জুয়েল রানা ও সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) মনোয়ার হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তাঁরা বিদ্যুতের সংযোগের কিছু অংশ মেরামত করে দেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, ‘মহান আল্লাহ তাআলা আমাদের উপজেলা পরিষদকে রক্ষা করেছেন। আগুন লাগার ঘটনায় আমি ভীষণভাবে চিন্তিত ছিলাম। আমরা একটি তদন্ত দল গঠন করে আগুন লাগার সঠিক কারণ বের করব।’
ইএন/এসএ
