দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম. ইকবাল হোসেইন বলেছেন, ‘সংখ্যালঘু নয়, আমরা সবাই বাংলাদেশি, আমরা সবাই একে অপরের ভাইভাই, আমরা সবাই মিলেমিশে বাংলাদেশকে গড়তে চাই। রাষ্ট্রনায়ক তারেক রহমানের নেতৃত্বে আধুনিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা সবাই সমান। হিন্দু সম্প্রদায়ের ভাইবোনদের এই ধর্মীয় উৎসবে তারেক রহমানের নেতৃত্বে আমরা সবাই আপনাদের পাশে আছি ও থাকব ইনশাআল্লাহ।’
বিজ্ঞাপন
মঙ্গলবার দুপুর ২টায় ময়মনসিংহের গৌরীপুরে হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব দুর্গাপূজায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি।
এ সময় দুর্গাবাড়ী পূজামণ্ডপ কমিটির সদস্য সমীরণ দেবনাথের সঞ্চালনায় আরো বক্তব্য দেন গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিস আফিয়া আমীন পাপ্পা। এতে সহকারী কমিশনার (ভূমি) এবিএম কাউসার আহমেদ, উপজেলা বিএনপির আহ্বায়ক মো. হাবিবুল ইসলাম খাঁন শহীদ, যুগ্ম-আহ্বায়ক তানজিন চৌধুরী লিলি, গৌরীপুর পৌর বিএনপির আহ্বায়ক মো. আলী আকবর আনিস, উত্তর জেলা যুবদল নেতা মো. মাহফুজুর রহমানসহ স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে মঙ্গলবার সকালে উপজেলার মইলাকান্দা ইউনিয়নের বেশ কয়েকটি পূজামণ্ডপ পরিদর্শন শেষে দুপুর ১টার দিকে পৌর এলাকার মধ্যবাজার ও দুর্গাবাড়ী পূজামণ্ডপ পরিদর্শন করেন প্রতিমন্ত্রী। এ সময় তিনি হিন্দু সম্প্রদায়ের পূজারি ও পূজামণ্ডপের দর্শনার্থীদের খোঁজখবর নেন।
এমই
