হাজং সম্প্রদায়ের মাতৃভাষা রক্ষায় ব্যক্তিগত উদ্যোগে একটি বই প্রকাশ করেছেন বলে জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোণা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল।
রোববার (১৮ অক্টোবর) বিকেল ৫টায় নেত্রকোণার কলমাকান্দা উপজেলার গোবিন্দপুর উচ্চ বিদ্যালয় মাঠে মঙ্গল সরকার স্মৃতি জাতীয় হাজং ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
কায়সার কামাল বলেন, “হাজং সম্প্রদায়ের মাতৃভাষা রক্ষায় আমি ব্যক্তিগতভাবে একটি বই প্রকাশ করেছি। আপনারা যে যার জায়গা থেকে বইটি সংগ্রহ করে আপনাদের শিশু-সন্তানদের পড়তে দেবেন, যাতে কালের বিবর্তনে হাজং ভাষা আমাদের সমাজ ও দেশ থেকে হারিয়ে না যায়।”
তিনি আরও বলেন, “আমরা প্রমিত বাংলায় কথা বলব, কিন্তু নিজস্ব মাতৃভাষা যেন বিলুপ্ত না হয়, সেই জন্যই আমার ব্যক্তিগত উদ্যোগে এই বইটি প্রকাশ করেছি।” বইটি হাজং সম্প্রদায়ের মাতৃভাষা সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে উল্লেখ করে তিনি বলেন, সবার বাড়ি বাড়ি বইটি পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন তিনি।
অনুষ্ঠানে জানানো হয়, গত ১৬ অক্টোবর শুরু হওয়া এ টুর্নামেন্টে মোট ১৬টি দল অংশ নেয়। রোববার ফাইনালে মুখোমুখি হয় টঙ্গী একাদশ ও গিলাগড়া একাদশ। হাজং স্টুডেন্ট কাউন্সিল (হাসুক) এ টুর্নামেন্টের আয়োজন করে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা এন. এম. আবদুল্লাহ আল মামুন, সহকারী কমিশনার (ভূমি) মো. শামছুজ্জামান আসিফ, কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও লেংগুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান ভূঁইয়া, খারনৈ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওবায়দুল হক, আয়োজক কমিটির সভাপতি তপন হাজং ও সাধারণ সম্পাদক নাঈম হাজংসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
হাজং সম্প্রদায়ের মাতৃভাষা সংরক্ষণে সচেতনতা বৃদ্ধি এবং তরুণ প্রজন্মের কাছে নিজস্ব ভাষা ও সংস্কৃতি তুলে ধরার আহ্বানের মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম এগিয়ে যায়।
The post হাজং ভাষা রক্ষায় বই প্রকাশ করলেন ব্যারিস্টার কায়সার কামাল appeared first on ভোরের চেতনা.
