সৌদি আরবের রাজধানী রিয়াদে ভিক্ষাবৃত্তির অভিযোগে চার বিদেশিকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। তাঁদের মধ্যে বাংলাদেশি ও ভারতীয় নাগরিক রয়েছেন বলে জানিয়েছে সৌদি সংবাদমাধ্যম আল-সাবক।
মঙ্গলবার (২০ অক্টোবর) প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, রিয়াদ অঞ্চলে ভিক্ষা করার সময় তাঁদের গ্রেফতার করা হয়।
সৌদি নিরাপত্তা বাহিনী সাধারণ মানুষকে শুধু অনুমোদিত মাধ্যমেই দান-খয়রাত করার আহ্বান জানিয়েছে। এর মাধ্যমে প্রকৃত অভাবী মানুষের কাছে সহায়তা পৌঁছানো সম্ভব হবে এবং অবৈধ ভিক্ষাবৃত্তি বন্ধে সহায়তা মিলবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
গ্রেফতার চারজনের বিরুদ্ধে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ কর্মকর্তারা জানান, দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভিক্ষাবৃত্তি বন্ধের উদ্যোগের অংশ হিসেবে অভিযান চালিয়ে তাঁদের গ্রেফতার করা হয়েছে। সমাজের সর্বত্র ভিক্ষাবৃত্তি বন্ধ করা এবং প্রকৃত অভাবী মানুষের কাছে সহায়তা পৌঁছে দেওয়াই এ উদ্যোগের লক্ষ্য।
