বাঁচা মরার লড়াই কিংবা অলিখিত ফাইনাল, যেভাবেই ব্যাখ্যা করা হোক না কেন আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশকে আজ কঠিন পরীক্ষার সামনে পড়তে হচ্ছে।ফাইনালের আশা বাঁচিয়ে রাখতে হলে এই ম্যাচে জয়ের বিকল্প নেই টাইগারদের। তবে শুধু জয়ই যথেষ্ট নয়, ফাইনালে উঠতে হলে মেলাতে হবে কঠিন রান রেটের সমীকরণও।
শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে আজ (২১ অক্টোবর) মুখোমুখি হবে বাংলাদেশ ও আফগানিস্তান। বাংলাদেশ সময় বিকেল সাড়ে পাঁচটায় শুরু হবে ম্যাচটি।
প্রথম ম্যাচে জিম্বাবুয়ের কাছে বড় ব্যবধানে হারের পর ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ এখন তাওহীদ হৃদয়দের সামনে। তবে কাজটা মোটেও সহজ নয়। ফাইনালে যাওয়ার পথ খোলা রাখতে হলে আগে ব্যাট করে অন্তত ৪১ রানের ব্যবধানে জিততে হবে বাংলাদেশকে। আর রান তাড়া করতে নামলে ২৫০ রানের লক্ষ্য পেরোতে হবে ৪১ দশমিক ৩ ওভারের মধ্যে। অর্থাৎ, জয় নিশ্চিত করার পাশাপাশি রান রেটের হিসাবও মাথায় রাখতে হবে টাইগারদের।
এমন গুরুত্বপূর্ণ ম্যাচের আগে ব্যক্তিগত নৈপুণ্যের চেয়ে দলীয় পারফরম্যান্সকেই বেশি গুরুত্ব দিচ্ছেন ওপেনার তানজিদ হাসান তামিম। তাঁর মতে, দল হিসেবে ধারাবাহিক হতে পারলেই সাফল্যের পথে এগিয়ে যাওয়া সম্ভব।
তানজিদ বলেন, 'আমরা সবসময়ই দলকে সেরাটা দেওয়ার চেষ্টা করি। তবে আলাদা ব্যক্তির চেয়ে দলীয়ভাবে আমরা যত বেশি ধারাবাহিক হতে পারব, তত দ্রুত সামনের দিকে এগিয়ে যেতে পারব।'
এদিকে, গুরুত্বপূর্ণ এই ম্যাচে বাংলাদেশের একাদশে পরিবর্তনের সম্ভাবনাও রয়েছে। অফ ফর্মে থাকা সৌম্য সরকারের জায়গায় ওপেনিংয়ে দেখা যেতে পারে দেশ থেকে উড়িয়ে নিয়ে যাওয়া পারভেজ হোসেন ইমনকে, সঙ্গী তানজিদ হাসান তামিম। তিন ও চার নম্বরে থাকতে পারেন নাজমুল হোসেন শান্ত ও সাইফ হাসান।
লিটন দাসের অনুপস্থিতিতে অধিনায়কের দায়িত্ব সামলাবেন তাওহীদ হৃদয়। অন্যদিকে, মেহেদী হাসান মিরাজ সুস্থ্য না হলে মোসাদ্দেক হোসেন সৈকতেই ভরসা রাখবেন টিম ম্যানেজম্যান্ট। উইকেটের পেছনেও থাকতে পারেন নুরুল হাসান সোহানই।
বোলিং বিভাগেও আসতে পারে পরিবর্তন। রিশাদ হোসেনের পরিবর্তে চমক হিসেবে একাদশে জায়গা পেতে পারেন আলিস আল ইসলাম। এ ছাড়া পেস আক্রমণে তিন পেসারের একজনকে বিশ্রাম দিয়ে হাসান মাহমুদকে খেলানোর সম্ভাবনাও রয়েছে।
অন্যদিকে, জিম্বাবুয়েকে ১৫৮ রানের বিশাল ব্যবধানে হারিয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে রয়েছে আফগানিস্তান। বড় জয়ের সুবাদে নেট রান রেটেও এগিয়ে আছে তারা। ফলে বাংলাদেশের কাছে হারলেও ফাইনালে ওঠার সম্ভাবনা থাকবে আফগানদের।
