ব্রাজিলিয়ান তারকা নেইমারের সঙ্গে ঘটে গেল অবিশ্বাস্য এক ঘটনা। শনিবার রাতে বাহিয়ার বিপক্ষে সান্তোসের ১-০ গোলের হারের ম্যাচে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয়েছে তাকে। প্রতিপক্ষের মিডফিল্ডার রদ্রিগো নেস্তরের সঙ্গে তর্কের জেরে এই শাস্তি পান সান্তোসের ১০ নম্বর জার্সিধারী তারকা।
ভিলা বেলমিরো স্টেডিয়ামে বিরতির পর দ্বিতীয়ার্ধ শুরুর আগে নেস্তরকে উদ্দেশ করে বারবার মন্তব্য করতে থাকেন নেইমার। একপর্যায়ে তর্কের সময় মুখ ঢেকে কথা বলেন সাবেক বার্সেলোনা ও প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) তারকা।
বিষয়টি রেফারিকে জানান নেস্তর। এরপর ভিডিও সহকারী রেফারির সহায়তা নিয়ে নেইমারকে সরাসরি লাল কার্ড দেখান ম্যাচ পরিচালনাকারী রেফারি।
প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ বিশ্বকাপ থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে প্রতিপক্ষের সঙ্গে তর্কের সময় মুখ ঢেকে কথা বললে খেলোয়াড়কে মাঠ থেকে বহিষ্কারের নির্দেশনা রয়েছে। ব্রাজিল ও রিয়াল মাদ্রিদের তারকা ভিনিসিয়ুস জুনিয়র চ্যাম্পিয়নস লিগে বেনফিকার বিপক্ষে ম্যাচে আর্জেন্টাইন ফুটবলার জিয়ানলুকা প্রেস্টিয়ান্নির কাছ থেকে বর্ণবাদী আচরণের শিকার হওয়ার পর এই নিয়ম চালু করা হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
নেইমার অবশ্য প্রথমার্ধেই নেস্তরের সঙ্গে সংঘর্ষের ঘটনায় নিজের তৃতীয় হলুদ কার্ডটি দেখেছিলেন। ফলে হলুদ কার্ডের শাস্তি এবং সরাসরি লাল কার্ড—দুই কারণে তাকে মোট দুই ম্যাচ নিষিদ্ধ থাকতে হবে।
মাঠ ছাড়ার সময়ও উত্তেজনা কমেনি নেইমারের। বেরিয়ে যাওয়ার পথে বাহিয়ার মিডফিল্ডার নেস্তরের সঙ্গে ফের সংঘর্ষে জড়ানোর চেষ্টা করেন তিনি।
মাঠ ছাড়ার সময় ক্যামেরার সামনে নিজের অবস্থান ব্যাখ্যা করেন সান্তোসের এই তারকা। নেস্তরের বিরুদ্ধে অসৎ উদ্দেশ্যে আচরণ করার অভিযোগ তোলেন নেইমার।
সব মিলিয়ে বাহিয়ার কাছে সান্তোসের হার ছাপিয়ে ম্যাচের আলোচনার কেন্দ্রে চলে এসেছেন নেইমার। প্রতিপক্ষের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময়, মুখ ঢেকে কথা বলা এবং লাল কার্ড—সব মিলিয়ে রাতটি তার জন্য হয়ে উঠেছে চরম হতাশার।
