লক্ষ্মীপুর: মা ইলিশ রক্ষায় মেঘনা নদীতে ২২ দিনের সরকারি নিষেধাজ্ঞা চলছে। তবে সেই নিষেধাজ্ঞা অমান্য করে লক্ষ্মীপুরের কমলনগরে ইলিশ শিকারের অপরাধে ১১ জেলেকে আটক করে ৭ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সাথে উদ্ধার করা ২ লাখ ৭৫ হাজার মিটার অবৈধ জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।
শুক্রবার (২৩ অক্টোবর) দুপুরে কমলনগরের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আরাফাত হুসাইনের পরিচালনায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এই কারাদণ্ড দেন।
অভিযান চলাকালে অসাধু জেলেদের কাছ থেকে জব্দ করা ৬০ কেজি ইলিশ মাছ স্থানীয় এতিমখানায় বিতরণ করে দেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, মা ইলিশ সুরক্ষা অভিযানের অংশ হিসেবে উপজেলা প্রশাসন, মৎস্য বিভাগ এবং কোস্টগার্ড যৌথভাবে মেঘনা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালায়। এ সময় হাতেনাতে ১১ জেলেকে আটক করা হয়। পরবর্তীতে ‘মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০’ অনুযায়ী আটককৃতদের ৭ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
কমলনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আরাফাত হুসাইন জানান, মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে সরকার নদীতে সব ধরনের মাছ শিকারে কঠোর নিষেধাজ্ঞা জারি করেছে। সরকারি এই নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে আমাদের অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে।
জেলা মৎস্য বিভাগ সূত্রে জানা যায়, ইলিশের প্রজনন মৌসুম উপলক্ষ্যে গত ৮ অক্টোবর থেকে আগামী ২৯ অক্টোবর পর্যন্ত টানা ২২ দিন মেঘনা নদীতে সব ধরনের মাছ ধরা সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। এই সময়ে মাছ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ ও ক্রয়-বিক্রয় দণ্ডনীয় অপরাধ। আইন অমান্যকারীদের সর্বোচ্চ ৫ লাখ টাকা জরিমানা, ২ বছরের কারাদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত করার বিধান রয়েছে।
