টিকটকে পরিচয়ের জেরে বাড়ি ছাড়া ৪ স্কুলছাত্রী হবিগঞ্জ থেকে উদ্ধার
রাহাত চৌধুরী, জেলা প্রতিনিধি:
কুমিল্লা থেকে নিখোঁজ হওয়া চার স্কুলছাত্রীকে হবিগঞ্জের চুনারুঘাট এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচিত কয়েকজনের সাথে নতুন জীবন শুরুর পরিকল্পনা করে তারা বাড়ি ছেড়েছিল বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় উদ্ধার করা হয়েছে নিখোঁজ ছাত্রীদের ব্যবহৃত মোবাইল ফোনসহ অন্যান্য আলামত।
আজ বুধবার (১৪ অক্টোবর) দুপুরে কুমিল্লা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান।
উদ্ধার হওয়া শিক্ষার্থীরা হলো: কুমিল্লা পুলিশ লাইন্স সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ১২ বছর বয়সী দুজন, ১৩ বছর বয়সী একজন এবং তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থী।
পুলিশ জানায়, গত সোমবার (১২ অক্টোবর) সকালে চার শিক্ষার্থী স্কুলে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। তবে তারা বিদ্যালয়ে উপস্থিত হয়নি। বিকেলে বিষয়টি স্কুল কর্তৃপক্ষের নজরে এলে তারা জেলা পুলিশ সুপারকে অবহিত করেন। পরে পুলিশ সুপারের নির্দেশে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও কোতোয়ালি থানা পুলিশ তাদের সন্ধানে সমন্বিত অভিযান শুরু করে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
নিখোঁজ শিক্ষার্থীদের সন্ধানে বিভিন্ন স্থানের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হয়। পাশাপাশি দেশের সব থানায় তাদের ছবি ও পরিচয় সম্বলিত বার্তা পাঠানো হয়। পুলিশের এই সমন্বিত প্রচেষ্টায় আজ বুধবার ভোররাত ২টার দিকে হবিগঞ্জের চুনারুঘাট থানা এলাকার একটি স্থান থেকে চার শিক্ষার্থীকে উদ্ধার করা হয়। এ সময় চুনারুঘাট থানা পুলিশ সার্বিক সহযোগিতা করে।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মো. আনিসুজ্জামান বলেন, "উদ্ধার হওয়ার পর শিক্ষার্থীদের সাথে কথা বলে তাদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার এবং বাড়ি ছাড়ার পরিকল্পনা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। তারা নিয়মিত মোবাইল ফোন ব্যবহার করত, সামাজিক যোগাযোগমাধ্যমে অন্যদের সঙ্গে যোগাযোগ রাখত এবং টিকটকে ভিডিও আপলোড করত।"
পুলিশের তথ্য অনুযায়ী, টিকটকসহ অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে তাদের সঙ্গে আবু হুজাইফা, মারজান, হৃদয়, জিসান, সুজন, মিনহাজ, মোফাজ্জল এবং শোয়েব নামের কয়েকজন তরুণের পরিচয় ও যোগাযোগ গড়ে ওঠে। তবে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে, ওই ছেলেদের প্রকৃত নাম বা ঠিকানা সম্পর্কে তারা কিছুই জানত না।
