বাজারে শীতের আগাম সবজির সরবরাহ বাড়ছে। নতুন আলু, শিম, ফুলকপি, বাঁধাকপি আর মুলা দেখে ক্রেতার আগ্রহ বাড়ছে, কিন্তু দাম এখনো চড়া।
শীতকালীন সবজির সরবরাহ বাড়তে শুরু করায় পুরনো সবজির দামে প্রভাব পড়লেও বেশিরভাগই কিনতে হচ্ছে প্রতি কেজি ৮০ টাকা দরে।
শুক্রবার রাজধানীর মোহাম্মদপুর টাউন হল, কৃষি মার্কেট ও রায়েরবাজার সাদেক খান কাঁচাবাজার ঘুরে এ চিত্র পাওয়া গেছে।
বাজারে প্রতি কেজি শিম বিক্রি হচ্ছে ১২০ টাকায়। গত সপ্তাহে মোহাম্মদপুর টাউন হল বাজারে এ সবজির দাম ছিল ১৬০ টাকা।
অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কেজিতে কমেছে ৪০ টাকা।
সপ্তাহের ব্যবধানে খুচরায় নতুন আলুর দামও কিছুটা কমেছে, ১৬০ টাকা কেজির এ সবজি কেজিতে ২০ টাকা কমে বিক্রি হয়েছে ১৪০ টাকা।
সারা বছর মিললেও শীতের আগাম টমেটো বাজারে আসায় এ সবজির দামও কমতে শুরু করেছে। গত সপ্তাহে প্রতি কেজি টমেটো ১৮০ থেকে ২০০ টাকায় বিক্রি হলেও শুক্রবার ১৪০ থেকে ১৫০ টাকায় পাওয়া যাচ্ছিল।
অর্থাৎ, দাম কমলেও নতুন আলু, শিম ও টমেটো এখনও অল্প ও সীমিত আয়ের মানুষের নাগালে আসেনি।
সাদেক খান কৃষি মার্কেটের সবজির আড়তদার মেসার্স বাবুল এন্টারপ্রাইজের পরিচালক মো. তানভীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কপি, আলু, মুলা আইছে, বাধাকপি আইছে না। আইবো আস্তে-ধীরে।”
মোহাম্মদপুর কৃষি মার্কেটের উত্তর গেইট দিয়ে ঢুকে একটু ভেতরে গেলেই খুচরা সবজির বাজার। এখান থেকে নতুন আলু ও মুলা কিনছিলেন মোহাম্মদপুর নুরজাহান রোডের বাসিন্দা একটি বীমা কোম্পানির কর্মকর্তা রাশেদুল আহসান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “শীতের সবজি আইছে, দেখতে ভালোই লাগে। কিন্তু দাম অনেক। শিম, আলু অল্প একটু নিলাম। দাম আরেকটু কমলে বেশি কইরা কিনতাম।”
বেশির ভাগ সবজির দাম ৮০ টাকা
শুক্রবারের বাজারে ঝিঙা, কচুরমুখী, পটোল, বেগুন ও কাঁকরোল প্রতি কেজি ৮০ টাকায় বিক্রি হয়েছে।
গত সপ্তাহে বেগুন ও কাঁকরোলের দাম ছিল ১০০ টাকা। অর্থাৎ এ দুই সবজির দাম কেজিতে কমেছে ২০ টাকা।
শীতের আগাম জাতের মুলা ও ঢেঁড়সের দামও কমেছে। গত সপ্তাহে কেজিপ্রতি ৮০ টাকায় বিক্রি হওয়া এই দুই সবজির দাম শুক্রবার নেমে এসেছে ৭০ টাকায়।
অন্যদিকে পেঁপে ও মিষ্টি কুমড়ার দামে পরিবর্তন নেই। পেঁপে কেজিপ্রতি ৩০ টাকা এবং মিষ্টি কুমড়া ৪০ টাকায় বিক্রি হচ্ছে। কাঁচা মরিচের দাম মানভেদে ১২০ থেকে ১৪০ টাকা কেজি।
ফুলকপি ও বাঁধাকপির ক্ষেত্রে কেজির বদলে পিস হিসেবে বিক্রি হচ্ছে। আকারভেদে প্রতিটি ফুলকপি ও বাঁধাকপি বিক্রি হচ্ছে ৬০ থেকে ৮০ টাকায়। বড় আকারের লাউও প্রতিটি বিক্রি হচ্ছে একই দাম।
সাদেক খান কৃষি মার্কেটে বাঁধাকপির দেখা না মিললেও মোহাম্মদপর টাউনহল বাজার ও কৃষি মার্কেটে পাওয়া যাচ্ছে। এ দুই বাজারে ফুলকপি প্রতিটি ৬০ টাকা ও বাঁধাকপি ৮০ টাকায় বিক্রি হচ্ছে। গত সপ্তাহেও একই দামে বিক্রি হয়েছে।
টাউন হল বাজারের পূর্ব পাশে বড় গাছের নিচে শীতকালীন সবজিসহ বিভিন্ন সবজি নিয়ে বসা খুচরা বিক্রেতা মফিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রায়েরবাজারে বাঁধাকপি এখনো আসে নাই, সকালে কারওয়ান বাজার থেকেই আনছি।
“এগুলা দিনাজপুরের মাল। কয়েক সপ্তাহ থেকে আসা শুরু করছে। নতুন নতুন, তাই দাম একটু বেশি। মাল আরও আসা শুরু করলে দাম আরও কমে যাইবো। এই সিজনে দাম এমনেই কমে।”
বিক্রেতাদের ভাষ্য, শীতের সবজি পুরোপুরি বাজারে আসার আগ পর্যন্ত পটোল, বেগুন, ঝিঙা, বরবটি, লাউ ও ঢ্যাঁড়সের মতো গ্রীষ্মকালীন সবজিই ক্রেতাদের চাহিদার বড় অংশ পূরণ করছে।
নতুন সবজির সরবরাহ বাড়লে পুরনো সবজির ওপর চাপ কমার সম্ভাবনা রয়েছে।
