খুলনা মহানগরীর লবণচরায় খুশি (২৫) নামে এক গৃহবধূকে গুলি ও কুপিয়ে নৃশংসভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে লবণচরা থানার জিন্নাপাড়া বউবাজার এলাকার ৭ নম্বর গলিতে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহত খুশি জিন্নাপাড়া বউবাজার এলাকার বাসিন্দা সুমন সরদারের স্ত্রী।
লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোশারেফ হোসেন জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে—মাদকসংক্রান্ত বিরোধের জেরে জিন্নাপাড়ার প্রধান সড়কে দুর্বৃত্তরা খুশির ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা তাঁকে লক্ষ্য করে গুলি বর্ষণ করে এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করে পালিয়ে যায়। স্থানীয়রা উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ওসি আরও জানান, নিহতের স্বামী সুমন সরদার এলাকায় ‘ব্লেড বাবু’ নামে পরিচিত। তাঁর পরিবার ও স্বজনদের বিরুদ্ধে ইতিপূর্বেও মাদকসংশ্লিষ্টতার একাধিক অভিযোগ রয়েছে। তবে এই হত্যাকাণ্ডে সরাসরি কারা অংশ নিয়েছে এবং ঘটনার পেছনে মূল কারণ কী, তা উদঘাটনে পুলিশের একাধিক দল মাঠে নেমেছে।
ঘটনার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করেছে লবণচরা থানা পুলিশ। মরদেহের ময়নাতদন্তের প্রস্তুতি চলছে। ঘটনার সুষ্ঠু তদন্তসহ জড়িত আসামীদের দ্রুত চিহ্নিত করে গ্রেপ্তারে অভিযান পরিচালিত হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
