শেরপুর প্রতিনিধি:
শেরপুরের শ্রীবরদী উপজেলার কুড়িকাহনিয়া বাজারসংলগ্ন ব্রিজের নিচে খালের পানিতে ভাসমান একটি নীল প্লাস্টিকের ড্রাম থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে স্থানীয়দের খবরের ভিত্তিতে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে খালের পানিতে একটি নীল রঙের প্লাস্টিকের ড্রাম ভাসতে দেখেন এলাকাবাসী। ড্রামটি দেখে সন্দেহ হলে তাঁরা বিষয়টি গ্রাম পুলিশের মাধ্যমে শ্রীবরদী থানা পুলিশকে জানান। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ড্রামটি খুলে ভেতরে এক নারীর মরদেহ দেখতে পায়।
পুলিশ সূত্রে জানা যায়, ওই নারীর গলায় কাপড় পেঁচানো ছিল। এ ছাড়া তাঁর কপাল ও মুখে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে বলে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে মরদেহটির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মো. আব্দুল লতিফ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-এর একটি দল ঘটনাস্থলে রয়েছে। মরদেহটির পরিচয় শনাক্তের জন্য কাজ চলছে। তদন্ত শেষে এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
