ময়মনসিংহে সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী ও চেয়ারপারসনের উপদেষ্টা কমিটির অন্যতম সদস্য এ কে এম মোশাররফ হোসেনের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে কোরআন খতম, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৮ অক্টোবর) দুপুরে ময়মনসিংহ টাউন হলে দক্ষিণ জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এই কোরআন খতম, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ও প্রয়াত মোশাররফ হোসেনের ছোট ভাই সংসদ সদস্য জাকির হোসেন বাবলুর সভাপতিত্বে স্মরণ সভায় বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক ও সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলমগীর মাহমুদ আলম, সিটি করপোরেশনের প্রশাসক ও জেলা দক্ষিণ বিএনপির সদস্য সচিব রুকুনোজ্জামান সরকার রুকন, জেলা দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহিদুল আমিন খসরু, সদস্য সচিব সোহেল খান, জেলা দক্ষিণ যুবদলের সভাপতি রেজাউল করিম মামুন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট দিদারুল ইসলাম রাজু প্রমুখ।
স্মরণ সভায় দক্ষিণ জেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শেষে তার আত্মার মাগফিরাত কামনায় মোনাজাত করা হয়।
স্মৃতিচারণ করে বক্তারা বলেন, এ কে এম মোশাররফ হোসেন ছিলেন জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার আস্থাভাজন এবং পরিচ্ছন্ন রাজনীতিবিদ। কর্মী ও সাধারণ মানুষের জন্য তিনি ছিলেন নিবেদিত প্রাণ। সাধারণ মানুষের সঙ্গে ছিল তার আত্মার সম্পর্ক। কৃষক, শ্রমিক ও খেটে খাওয়া মানুষ খুব সহজেই তার সঙ্গে কথা বলতে পারতেন। অভাব-অভিযোগের কথা জানাতে পারতেন। তিনি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তাদের জন্য কাজ করতেন। তার মৃত্যুতে এই অঞ্চল তথা দেশের মানুষ একজন প্রকৃত দেশপ্রেমিককে হারিয়েছে।
সংশ্লিষ্ট সংবাদ: এ কে এম মোশাররফ হোসেন
১৭ অক্টোবর ২০২১
