সাধারণ মানুষকে কোনো ধরনের ভোগান্তিতে না ফেলা এবং দলীয় নেতাকর্মীদের কর্মকাণ্ডে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন না হয়, সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা। তিনি বলেছেন, জনগণের পাশে থাকতে হবে, ব্যক্তিগত স্বার্থ ও দলীয় বিরোধের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
গতরাতে মানিকগঞ্জ শহরের গঙ্গাধর পট্টি মন্দিরসহ কয়েকটি দুর্গাপূজামণ্ডপ পরিদর্শনকালে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন খাদ্যমন্ত্রী।
খাদ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী বারবার স্পষ্ট করে বলেছেন, সাধারণ মানুষকে কোনো কষ্ট দেওয়া যাবে না, কোনো ধরনের ঝামেলায় ফেলা যাবে না। দলীয় নেতাকর্মীদেরও এ নির্দেশনা মেনে চলতে হবে। জনগণের স্বার্থই সবার আগে। সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে, যাতে কেউ কোনো সুযোগে দলের ভাবমূর্তি নষ্ট করতে না পারে।
সনাতন ধর্মাবলম্বীদের আশ্বস্ত করে আফরোজা খানম রিতা বলেন, সরকার সব সময় তাঁদের পাশে রয়েছে ও ভবিষ্যতেও পাশে থাকবে। মানিকগঞ্জে একটি সুন্দর, শান্তিপূর্ণ ও সম্প্রীতিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
দলীয় কোন্দল ও পারস্পরিক বিরোধের বিষয়ে নেতাকর্মীদের সতর্ক করে মন্ত্রী বলেন, ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে মানুষের কল্যাণে কাজ করতে হবে। বিশেষ করে সনাতন ধর্মাবলম্বীরা যাতে কোনো ধরনের কষ্ট বা নিরাপত্তাহীনতায় না থাকেন, তা নিশ্চিত করতে সবাইকে সচেষ্ট থাকতে হবে। মানিকগঞ্জের মানুষ ধানের শীষকে ভালোবাসেন। এই জনসমর্থনের মর্যাদা রক্ষা করতে হলে নেতাকর্মীদের মানুষের আস্থা ধরে রাখতে হবে এবং জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।
আলোচনা শেষে মন্ত্রী মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন। এ সময় জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতাকর্মী এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
