আন্তর্জাতিক ডেস্ক
ইরানে নতুন করে সামরিক হামলা চালানোর সম্ভাবনার কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর ভাষ্য অনুযায়ী, রোববার (২৫ অক্টোবর) ইরানে হামলা শুরু হতে পারে। তবে তেহরান ওয়াশিংটনের শর্ত মেনে কোনো বড় চুক্তিতে রাজি হলে সামরিক পদক্ষেপ এড়ানোর সুযোগ রয়েছে বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি।
শনিবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ইরানে হামলার বিষয়টি বিবেচনা করা হচ্ছে এবং তা পরদিনই শুরু হতে পারে।
একই সঙ্গে ইরানের সঙ্গে সম্ভাব্য চুক্তি নিয়েও সংশয় প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট। তাঁর দাবি, ইরান চুক্তি করতে চাইলেও সেটি মেনে চলার বিষয়ে দেশটির প্রতিশ্রুতি কতটা নির্ভরযোগ্য, তা নিয়ে প্রশ্ন রয়েছে।
ট্রাম্প বলেন, ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি থেকে বিরত রাখাই তাঁর অন্যতম লক্ষ্য। এ প্রসঙ্গে তিনি গত বছরের জুনে ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার কথা উল্লেখ করেন। তাঁর মতে, ওই হামলার পরও নতুন করে সামরিক পদক্ষেপের প্রয়োজনীয়তা দেখা দিতে পারে।
হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহন পরিস্থিতি নিয়েও কথা বলেন ট্রাম্প। তাঁর দাবি, যুদ্ধ শুরুর আগের মতোই এ প্রণালি দিয়ে তেল সরবরাহ হচ্ছে। তবে এ বক্তব্যের পক্ষে তিনি কোনো প্রমাণ উপস্থাপন করেননি।
ইরান চুক্তিতে রাজি না হলে সামরিক পদক্ষেপের মাধ্যমে দেশটিকে বাধ্য করার কথাও বলেছেন মার্কিন প্রেসিডেন্ট। তাঁর বক্তব্য, চুক্তি হোক কিংবা সামরিক পদক্ষেপ—দুই ক্ষেত্রেই যুক্তরাষ্ট্র লক্ষ্য অর্জন করবে বলে তিনি মনে করেন।
সূত্র: আনাদোলু
