শেরপুরের শ্রীবরদীতে প্লাস্টিকের ড্রামের ভেতর থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে উপজেলার কুড়িকাহনিয়া বাজার এলাকার কুটেমনি সেতুর নিচে খালের পানিতে ড্রামটি পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন। পরে ড্রামের ভেতরে নারীর মরদেহ পাওয়া যায়। তাঁর পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে খালের পানিতে একটি প্লাস্টিকের ড্রাম পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজনের সন্দেহ হয়। পরে তাঁরা বিষয়টি গ্রাম পুলিশকে জানান। গ্রাম পুলিশ ড্রামের ভেতরে নারীর মরদেহ দেখতে পেয়ে শ্রীবরদী থানা-পুলিশকে খবর দেন।
কুড়িকাহনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফিরুজ খান নুন মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সকালে ঘটনাটি জানার পর তিনি পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মরদেহের পরিচয় এখনো জানা যায়নি। তাঁর ধারণা, কেউ মরদেহটি সেখানে ফেলে রেখে যেতে পারে। দ্রুত ওই নারীর পরিচয় শনাক্ত এবং হত্যাকাণ্ডের ঘটনা ঘটে থাকলে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনার দাবি জানান তিনি।
শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল আলম বলেন, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হবে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ শেরপুর জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। নিহত নারীর পরিচয় শনাক্তে প্রযুক্তির সহায়তা নেওয়া হবে।
তবে ওই নারীর মৃত্যুর কারণ এবং কীভাবে তাঁর মরদেহ ড্রামের ভেতরে এল, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
