Published on
:
1 min read
মক্কার মসজিদের ভিতরে অশালীন কাজকর্মের দায়ে বাংলাদেশি যুগলের মৃত্যুদণ্ড কার্যকর করা হলো সৌদি আরবে। সে দেশের স্বরাষ্ট্র মন্ত্রক এ কথা জানিয়েছে। সৌদি আরবের সংবাদ সংস্থা ‘সৌদি প্রেস এজেন্সি’ জানিয়েছে, ওই যুবক-যুবতীর নাম নজরুল ইসলাম আবদুল বাসির ও সিতি আখতার। তাঁরা দু’জনই বাংলাদেশি। মক্কার একটি মসজিদের ভিতরে অশালীন কাজকর্মের অভিযোগে সৌদির নিরাপত্তা বাহিনী তাঁদের গ্রেপ্তার করেছিল।
গ্রেপ্তারির পরে যুগলকে আদালতে হাজির করানো হয়। সেখানে বিচারপ্রক্রিয়া শেষ হওয়ার পরেই দোষী সাব্যস্ত করা হয় তাঁদের। ইসলামিক আইনের অধীনে বিবেচনামূলক শাস্তির বিধান বা ‘তাজ়ির’ মেনে বিচারক তাঁদের মৃত্যুদণ্ড দেন। স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে, মসজিদের পবিত্রতা নষ্ট করার দায়ে দু’জনকে এই সাজা দেয় আদালত। পরে এই রায়ে অনুমোদন দেয় সে দেশের বিচারবিভাগও। তার পরেই মৃত্যুদণ্ড কার্যকর করার আদেশ জারি হয় রাজপরিবার থেকে। সেই মতো গত ১৪ অক্টোবর যুগলের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।
সৌদির স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে, ভবিষ্যতে কেউ যদি এই ধরনের অপরাধমূলক কাজ বা মসজিদের পবিত্রতা নষ্ট করার চেষ্টা করলে তাঁকেও দেশের আইন অনুযায়ী এ রকমই কঠোর শাস্তির মুখে পড়তে হবে।
