হাবিবুর রশিদ হিমন, বান্দরবান প্রতিনিধি:
বান্দরবানের দুর্গম পাহাড়ি এলাকায় শিশুদের ছবি আঁকা শেখাতে গিয়ে আর ফেরা হলো না ১৯ বছর বয়সী মোহাম্মদ জিসাদের। পুকুরে গোসল করতে নেমে মর্মান্তিকভাবে প্রাণ হারিয়েছেন তিনি। তাঁর এমন আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সহযাত্রীদের মধ্যে।
বুধবার (২১ অক্টোবর) বিকেলে বান্দরবানের লামা উপজেলার গোজালিয়া ইউনিয়নের চিংককপাড়ায় এ ঘটনা ঘটে। জিসাদ রাজধানীর ভাষানটেকের পুরোনো কচুখেত এলাকার বাসিন্দা মিজানুর রহমানের ছেলে। তাঁদের গ্রামের বাড়ি নোয়াখালীর সুবর্ণচর উপজেলার পূর্ব চরভাটা গ্রামে।
জানা গেছে, দুর্গম পাহাড়ি এলাকার শিশুদের চিত্রাঙ্কন শেখাতে ঢাকা থেকে ১২ জন তরুণের একটি দল চিংককপাড়ার পাওমুম থারক্লা ছাত্রাবাস ও ছাত্রীনিবাসে যায়। এক সপ্তাহের এই কর্মশালায় অংশ নিতে তাঁরা গত শনিবার সেখানে পৌঁছান। শিশুদের সৃজনশীলতা বিকাশে প্রশিক্ষণ দেওয়ার উদ্দেশ্যেই তাঁদের এই পাহাড়যাত্রা।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকেলে দলটির সদস্যরা পাড়ার কার্বারির (পাড়াপ্রধান) পুকুরে গোসল করতে নামেন। এ সময় কেউ বাঁশের ভেলায় খেলছিলেন, আবার কেউ ফুটবল বুকে নিয়ে সাঁতার কাটছিলেন। গোসল শেষে ফিরে আসার সময় সহযাত্রীরা জিসাদকে খুঁজে পাচ্ছিলেন না। পরে পুকুরে একটি ফুটবল ভাসতে দেখে তাঁরা আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুর থেকে জিসাদকে উদ্ধার করে দ্রুত লামা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কাইছার হামিদ বৃহস্পতিবার সকালে জানান, জিসাদের মরদেহ লামা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে রাখা হয়েছে। পরিবারের সদস্যরা পৌঁছানোর পর আইনি প্রক্রিয়া শেষে মরদেহ তাঁদের কাছে হস্তান্তর করা হবে।
চিংককপাড়া লামা উপজেলা সদর থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে গোজালিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে অবস্থিত। দুর্গম এ এলাকার দরিদ্র ম্রো পরিবারের শিশুরা পাওমুম থারক্লা ছাত্রাবাস ও ছাত্রীনিবাসে থেকে পড়াশোনা করে। এলাকায় শিক্ষাপ্রতিষ্ঠানের সীমাবদ্ধতার কারণে এসব শিশু পাশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে লেখাপড়া করে। ঢাকা ও চট্টগ্রামের কয়েকজন শিক্ষানুরাগী প্রতিষ্ঠান দুটি পরিচালনা করেন।
শিশুদের শেখানোর স্বপ্ন নিয়ে পাহাড়ে যাওয়া জিসাদের এই আকস্মিক মৃত্যু আনন্দমুখর কর্মশালার পরিবেশকে বিষাদে আচ্ছন্ন করেছে।
The post পাহাড়ি শিশুদের নিয়ে কাজ করতে গিয়ে মর্মান্তিক মৃত্যু তরুণের appeared first on Ctgtimes.com.
