মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন অঞ্চলে মার্কিন কূটনীতিক ও সরকারি কর্মকর্তাদের লক্ষ্য করে হামলার চেষ্টা উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে ইরান এমন তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো। সম্ভাব্য প্রাণহানির আশঙ্কা রয়েছে, এমন কয়েকটি সন্দেহভাজন ষড়যন্ত্রের পরিকল্পনা ইতোমধ্যে অনেক দূর এগিয়েছে বলে জানা গেছে। এতে মার্কিন নিরাপত্তা কর্মকর্তাদের উদ্বেগ বেড়েছে।
গত ২৩ অক্টোবরের একটি স্মারকলিপির বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস এ তথ্য জানিয়েছে।
হুমকি বাড়তে থাকায় মধ্যপ্রাচ্যের কয়েকটি মার্কিন দূতাবাসে কর্মী কমানোর সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। কর্মকর্তাদের আশঙ্কা, চলমান উত্তেজনা আরও তীব্র হলে তা বৃহত্তর সংঘাতে রূপ নিতে পারে। এতে ওই অঞ্চলে অবস্থানরত মার্কিন কর্মকর্তা ও কূটনৈতিক স্থাপনাগুলো আরও ঝুঁকির মুখে পড়বে।
এদিকে ইরানের সমর্থনপুষ্ট ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সম্ভাব্য বড় ধরনের হামলা অভিযান নিয়েও সতর্ক নজর রাখছে ওয়াশিংটন। বিদ্রোহীরা সৌদি আরবের বাইরেও মধ্যপ্রাচ্যের আরও কয়েকটি দেশে হামলা ছড়িয়ে দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
অন্যদিকে, ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের নতুন করে হামলা চালানোর সম্ভাবনা পরিস্থিতিকে আরও অনিশ্চিত করে তুলেছে। যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পর এ ধরনের সামরিক অভিযান চালানো হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এমন পরিস্থিতিতে পুরো অঞ্চলে সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কাও বাড়ছে।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর কাছে পাঠানো অশ্রেণিবদ্ধ স্মারকলিপিতে বলা হয়েছে, ইরানের সন্দেহভাজন হত্যার পরিকল্পনা সম্পর্কে আরও বেশি কর্মকর্তাকে সতর্ক করার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালক জে ক্লেটন।
তিনি সতর্ক করে বলেছেন, তথ্যপ্রাপ্তির ক্ষেত্রে বিদ্যমান বিধিনিষেধের কারণে ঝুঁকিতে থাকা মার্কিন কর্মকর্তারা গুরুত্বপূর্ণ নিরাপত্তাসংক্রান্ত তথ্য থেকে বঞ্চিত হতে পারেন।
স্মারকলিপিতে সম্ভাব্য লক্ষ্যবস্তু ব্যক্তিদের পরিচয়, সন্দেহভাজন অভিযানগুলোর বিস্তারিত বিবরণ কিংবা মধ্যপ্রাচ্যের বাইরের সম্ভাব্য কোনো স্থানের নাম উল্লেখ করা হয়নি। তবে এতে নিশ্চিত করা হয়েছে, গোয়েন্দা তথ্যগুলো পররাষ্ট্র দপ্তরের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে।
সতর্কবার্তা আরও বিস্তৃতভাবে ছড়িয়ে দিতে গোপনীয়তার বিধিনিষেধ যথাসম্ভব শিথিল করার প্রস্তাব দিয়েছেন ক্লেটন। এতে ঝুঁকিতে থাকতে পারেন, এমন আরও বেশি মার্কিন কর্মকর্তার কাছে হুমকির মূল্যায়ন ও সতর্কবার্তা পৌঁছে দিতে পারবেন মার্কো রুবিও।
এমএমটি
-20261024082607.jpg&w=1440&q=75)