দ্রুত ও স্বচ্ছ বীমা দাবি নিষ্পত্তির ডিজিটাল ব্যবস্থা চালু এবং স্বল্পমেয়াদি দুর্ঘটনা বীমা সেবা সহজলভ্য করার জন্য সম্মাননা পেয়েছে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। ‘বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ড ২০২৬’-এ প্রতিষ্ঠানটি ‘ইন্স্যুরেন্স ইনোভেশন অ্যাওয়ার্ড’ শীর্ষক পুরস্কার অর্জন করেছে। অটোমেটেড ক্লেইম প্রসেসিং সিস্টেমের (এসিপিএস) জন্য এ সম্মাননা দেয়া হয়। পাশাপাশি গার্ডিয়ানের ‘অ্যাক্সিডেন্টাল কেয়ার’ উদ্যোগটি পেয়েছে সম্মানজনক স্বীকৃতি বা ‘অনারেবল মেনশন অ্যাওয়ার্ড’।
বীমা প্রতিষ্ঠানটির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গার্ডিয়ানের এসিপিএসের মাধ্যমে বীমা দাবি নিষ্পত্তির প্রক্রিয়া আরো সহজ ও দ্রুত হয়েছে। আবেদন জমা, যাচাই, মূল্যায়ন, অগ্রগতি পর্যবেক্ষণ ও নিষ্পত্তির সব ধাপ একটি সমন্বিত ডিজিটাল প্লাটফর্মে যুক্ত করা হয়েছে। এতে দাবি নিষ্পত্তিতে সময় কমার পাশাপাশি কাগজপত্রের ব্যবহার ও ম্যানুয়াল কাজ কমেছে। গ্রাহকরাও এখন ডিজিটাল মাধ্যমেই তাদের দাবির অগ্রগতি পর্যবেক্ষণ করতে পারছেন।
গার্ডিয়ান লাইফ জানিয়েছে, এক বছরে ২ লাখ ৬১ হাজারের বেশি বীমা দাবি নিষ্পত্তি করেছে প্রতিষ্ঠানটি। এসব দাবির মোট আর্থিক মূল্য ৫৫৭ কোটি টাকার বেশি। এর মধ্যে ৪৩ হাজার ৩২টি দাবি জমা দেয়ার দিনেই নিষ্পত্তি করা হয়। এছাড়া মোট দাবির ৯৭ শতাংশ নিষ্পত্তি হয়েছে এক সপ্তাহের মধ্যে।
অন্যদিকে, গার্ডিয়ান অ্যাক্সিডেন্টাল কেয়ারের মাধ্যমে স্বল্পমেয়াদি দুর্ঘটনা বীমা সেবাকে আরো সাশ্রয়ী ও সহজলভ্য করে তুলেছে প্রতিষ্ঠানটি। কনসার্ট, সম্মেলনসহ বিভিন্ন আয়োজনে অংশগ্রহণকারীদের জন্য দুর্ঘটনা বীমা সুবিধা নিশ্চিত করতে টিকিট বুকিং ও নিবন্ধন প্রক্রিয়ার সঙ্গে সরাসরি বীমা সুরক্ষা যুক্ত করা হয়েছে। মাত্র ১০ টাকা থেকে শুরু হওয়া এ সেবায় ২৪ ঘণ্টার জন্য দুর্ঘটনাজনিত নির্ধারিত স্বাস্থ্য ও জীবন বিমা সুবিধার আওতায় সর্বোচ্চ ৫০ হাজার টাকা পর্যন্ত কভারেজ পাওয়া যায়।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ‘বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ড ২০২৬’-এ অর্জিত স্বীকৃতিকে ডিজিটাল উদ্ভাবন ও গ্রাহকসেবার মানোন্নয়নে গার্ডিয়ান লাইফের ধারাবাহিক প্রচেষ্টার প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে।
প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে বীমা সেবাকে আরো সহজ, নির্ভরযোগ্য ও মানুষের কাছে সহজলভ্য করতে কাজ করছে প্রতিষ্ঠানটি।
