ইমাম শাফেয়ি রাহিমাহুল্লাহ ও ইমাম আহমাদ ইবনু হাম্বল রাহিমাহুল্লাহ বলেছেন, হাদিসটি দীনের এক তৃতীয়াংশ বা অর্ধাংশ।
নিয়তের গুরুত্ব
عن أمير المؤمنين أبي حَفْصٍ عمر بن الخطابِ بنِ نُفَيْلِ بنِ عبدِ العُزَّى بن رياح بنِ عبدِ اللهِ بن قُرْطِ بن رزاح بن عدي بن كعب بنِ لُوَيِّ بنِ غالب القُرشِيّ العدوي قالَ: سَمِعتُ رسولَ الله صلى الله عليه وسلم يقُولُ: «إنّمَا الأَعْمَالُ بالنِّيَاتِ، وَإِنَّمَا لِكُلِّ امرِىءٍ مَا نَوَى، فَمَنْ كَانَتْ هجرته إلى الله ورسوله، فهجرته إلى الله ورسوله، ومن كانت هِجْرَتُهُ لِدُنْيَا
يُصيبُهَا، أَوْ امْرَأَةٍ يَنْكَحُهَا، فَهِجْرَتُهُ إِلى مَا هَاجَرَ إِلَيْهِ
আমিরুল মুমিনিন উমার ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলতে শুনেছি, নবিজি বলেছেন, সকল কাজ নিয়তের উপর নির্ভরশীল। আর মানুষ যে নিয়ত করবে, সে তাই পাবে। সুতরাং—যে ব্যক্তির হিজরত আল্লাহর জন্য ও তাঁর রাসুলের (সন্তুষ্টির) জন্য হবে; তার হিজরত আল্লাহ ও তাঁর রাসুলের জন্যই হবে। আর যে ব্যক্তির হিজরত দুনিয়ার কোনো উদ্দেশ্যে কিংবা কোনো মহিলাকে বিবাহ করার উদ্দেশ্যেই হবে, তার হিজরত সেটার জন্যই হবে। [টিকা: সহিহুল বুখারি: ১; সহিহ মুসলিম: ৪৯২; মুসনাদু আহমাদ: ১৬৮]
এই হাদিসটি ইমামুল মুহাদ্দিসীন আবু আবদুল্লাহ মুহাম্মাদ ইবনু ইসমাইল ইবনু ইবরাহিম ইবনুল মুগিরাহ ইবনু বারযাহ (ইমাম বুখারি) সহিহুল বুখারিতে এবং আবুল হুসাইন মুসলিম ইবনুল হাজ্জাজ ইবনু মুসলিম আল কুশাইরি আন নিশাপুরী তাঁর রচিত কিতাব সহিহ মুসলিমে এনেছেন। আর এই দুই কিতাব হাদিসের কিতাবের মধ্যে সবচে’ বিশুদ্ধ কিতাব।
সংক্ষিপ্ত ব্যাখ্যা: এই হাদিসটি খুবই গুরুত্বপূর্ণ। একজন মানুষের পুরো জীবনের সব রকমের আমল এই হাদিসের উপর নির্ভর করে। যে ব্যক্তি এই হাদিসের উপর পূর্ণাঙ্গরূপে আমল করতে পারবে, আশা করা যায়; তার জীবন সফলকাম হবে। ইমাম শাফেয়ি রাহিমাহুল্লাহ ও ইমাম আহমাদ ইবনু হাম্বল রাহিমাহুল্লাহ বলেছেন, হাদিসটি দীনের এক তৃতীয়াংশ বা অর্ধাংশ।
ইমাম শাফেরি রাহিমাহুল্লাহ আরো বলেন, এই হাদিসটি ফিকহের সত্তরটি অধ্যায়কে শামিল করে ৷
কিছু-কিছু আলিম বলেন, এই হাদিস ইসলামের তৃতীয়াংশ।
