১৯৯৮ সালের ১৬ অক্টোবর মুক্তি পেয়েছিল করণ জোহরের পরিচালনায় প্রথম সিনেমা ‘কুচ কুচ হোতা হ্যায়’। সিনেমাটির মুক্তির ২৮ বছর পূর্তি উপলক্ষে নিজের জনপ্রিয় চরিত্র অঞ্জলি শর্মার স্মৃতি ফিরিয়ে আনলেন অভিনেত্রী কাজল। সামাজিক যোগাযোগমাধ্যমে লাল জ্যাকেট পরা একটি ছবি শেয়ার করেছেন তিনি। ছবিতে কাজলের পরনে সেই ১৯৯৮ সালের সিনেমার বিখ্যাত লাল জ্যাকেট, যা দর্শকদের মনে করিয়ে দিয়েছে তার টমবয় অঞ্জলিকে। সিনেমাটিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন শাহরুখ খান ও রানি মুখার্জি।
ইনস্টাগ্রামে ছবিটি শেয়ার করে কাজল লিখেছেন, “জাদু কি কখনো আবার ফিরিয়ে আনা যায়? কয়েক বছর পরের অঞ্জলিকে দেখুন।’ ছবিতে ছোট চুল ও লাল জ্যাকেটে কাজলকে দেখা গেছে। তার এই সাজে ফিরে এসেছে নব্বইয়ের দশকের রোমান্টিক সিনেমাটির সেই চেনা টমবয় লুক।
১৯৯৮ সালের ১৬ অক্টোবর মুক্তি পাওয়া ‘কুচ কুচ হোতা হ্যায়’ সিনেমাতে শাহরুখ খান, কাজল ও রানি মুখার্জির পাশাপাশি বিশেষ উপস্থিতিতে অভিনয় করেছিলেন সালমান খান। বন্ধুত্ব ও একতরফা ভালোবাসার গল্প নিয়ে নির্মিত সিনেমাটি বক্স অফিসে বড় সাফল্য পায়। নব্বইয়ের দশকের শেষভাগের হিন্দি সিনেমা ও জনপ্রিয় সংস্কৃতিতে সিনেমাটি এখনো উল্লেখযোগ্য স্থান দখল করে আছে।
‘কুচ কুচ হোতা হ্যায়’-সিনেমায় অভিনয় করেন কাজল-শাহরুখ-রানী
সিনেমার প্রথম ভাগে কলেজপড়ুয়া টমবয় অঞ্জলি—যার সাজে ছিল ডুংগারি, হেডব্যান্ড ও ছোট চুল—দর্শকদের কাছে বিশেষভাবে জনপ্রিয় হয়ে ওঠে। পরবর্তী সময়ে অঞ্জলির শান্ত, কোমল স্বভাবের নারীতে রূপান্তরও কাহিনির দ্বিতীয় ভাগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। চরিত্রটির এই দুই রূপই কাজলের অভিনয়কে দর্শকের মনে আলাদা জায়গা করে দিয়েছে।
পরবর্তী সময়ে করণ জোহরের সঙ্গে ‘কাভি খুশি কাভি গাম’ (২০০১) এবং ‘মাই নেম ইজ খান’ (২০১০) সিনেমায়ও কাজ করেছেন কাজল। দুটি সিনেমাতেই প্রধান চরিত্রে ছিলেন শাহরুখ খান।
এদিকে, প্রেক্ষাগৃহে কাজলের সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা বিশাল ফুরিয়ার পৌরাণিক হরর সিনেমা ‘মা’ (২০২৫)। ২০২৪ সালের সিনেমা ‘শয়তান’-এর একই জগতে নির্মিত এই সিনেমা ছিল তার স্পিন-অফ। এতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন রণিত রায়, ইন্দ্রনীল সেনগুপ্ত ও খেরিন শর্মা। অজয় দেবগন, জ্যোতি দেশপাণ্ডে ও কুমার মঙ্গত পাঠক যৌথভাবে সিনেমাটি প্রযোজনা করেছেন।
এছাড়াও, ২০২৫ সালে জিওহটস্টারের অ্যাকশন-থ্রিলার ‘সরজমিন’-এও অভিনয় করেছেন কাজল। সিনেমাটিতে তার সহশিল্পী ছিলেন পৃথ্বীরাজ সুকুমারন ও ইব্রাহিম আলী খান।
*ইন্ডিয়া টুডে অবলম্বনে
