কালবেলা · সাধারণ
‘জনগণের সঙ্গে প্রেম করতে চাই’
১৪/১০/২০২৬

নাটোর-৪ আসনের সংসদ সদস্য (এমপি) আব্দুল আজিজ বলেছেন, আমি জনগণের সঙ্গে প্রেম করতে চাই। জনগণের ভালবাসা পেতে এখানকার উন্নয়নে আমার আপ্রাণ প্রচেষ্টা অব্যাহত থাকবে। শুধু বিএনপি নয়, সব দলের মানুষের সহযোগিতায় আমার সংসদীয় এলাকায় উন্নয়নের চাদর বিছিয়ে দিতে চাই।
বুধবার (১৪ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলার খুবজিপুর ইউনিয়নের বিলসা হাট ভবনের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘জনগণের ভোটে বিএনপি ক্ষমতা এসেছে। আমাকেও আপনারা ভোটের মাধ্যমে এমপি বানিয়েছেন। এজন্য আমি একজন ক্ষুদ্র মানুষ হিসেবে এখানকার মানুষের কাছে আজীবন কৃতজ্ঞ থাকব।’
তিনি আরও বলেন, ‘বিগত আওয়ামী সরকার দেশটাকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করে গেছে। সেখান থেকে দেশটাকে টেনে তুলতে সরকারকে একটু সময় দিতে হবে। হতাশ না হয়ে একটু সময় দিয়ে সহযোগিতা করেন। আমাকে কে ভোট দিয়েছেন আর কে দেননি; সেটা আমার কাছে মুখ্য নয়। আমি এখন আমার সংসদীয় আসনের সবার এমপি। তাই এ আসনে মানুষের ভাগ্যোন্নয়নে কাজ করতে চাই। এজন্য সবার সহযোগিতা কামনা করি।’
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা আফরোজ, সহকারী কমিশনার (ভূমি) আসাদুল ইসলাম, প্রকৌশলী কর্মকর্তা মিলন মিয়া, এমপির কনিষ্ঠ পুত্র মাহমুদুল হাসান সোহাগ ও বিএনপি নেতারা।
মূল প্রতিবেদনে যান ↗