সংবাদ বিজ্ঞপ্তি · ১৬ অক্টোবর, ২০২৬ ৬:৪০ অপরাহ্ন
সিলেট নগরের এয়ারপোর্ট থানা এলাকায় বালুর নিচে লুকিয়ে পরিবহনের সময় ৯ লাখ ৭৪ হাজার ৮০০ টাকা মূল্যের ভারতীয় পণ্য জব্দ করেছে পুলিশ। এ সময় পণ্য পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক জব্দসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ভোর ৫টা ৫৫ মিনিটের দিকে এয়ারপোর্ট থানাধীন অ্যাডভেঞ্চার ওয়ার্ল্ডের সামনে পাকা সড়কে অভিযান চালিয়ে এসব পণ্য উদ্ধার করা হয়। সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া সেলের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন যশোরের বাঘারপাড়া থানার মাঝিয়ালি গ্রামের মো. শামীম হোসেন (২৮) ও সামিম তরফদার (২৯)।
পুলিশের বিজ্ঞপ্তি অনুযায়ী, এয়ারপোর্ট থানার উপপরিদর্শক (নিরস্ত্র) মো. নূর শাহীন সঙ্গীয় ফোর্স নিয়ে চেকপোস্ট পরিচালনা করছিলেন। এ সময় কোম্পানীগঞ্জ থেকে সিলেট শহরগামী একটি ট্রাককে থামার সংকেত দেওয়া হয়। তবে চালক সংকেত অমান্য করে পালানোর চেষ্টা করলে পুলিশ ট্রাকটি আটক করে।
পরে ট্রাকে তল্লাশি চালিয়ে বালুর নিচে লুকানো ভারতীয় পণ্য উদ্ধার করা হয়। উদ্ধার করা পণ্যের মধ্যে রয়েছে ১০ বস্তা জিরা, ৩৫ বস্তা বিস্কুট, ১১ বস্তা জুস, ৮ বস্তা জায়েকো ফুচকা ও ২ বস্তা পিংকো ফুচকা। এসব পণ্যের মোট মূল্য ৯ লাখ ৭৪ হাজার ৮০০ টাকা বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে এয়ারপোর্ট থানায় একটি মামলা করা হয়েছে। গ্রেপ্তার দুজনকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে এসএমপির বিজ্ঞপ্তিতে জানানো হয়।
গুগলে আমাদের খবর পেতে
