ঢাকা: গাজীপুরের টঙ্গীর চেরাগ আলীতে বেসরকারি ওষুধ কোম্পানি ড্রাগ ইন্টারন্যাশনাল কারখানার আগুন চার ঘণ্টাতেও নিয়ন্ত্রণে আসেনি আগুন। আগুন একদিক থেকে আরেক দিকে ছড়িয়ে পড়েছে। এরই মধ্যে ফায়ার সার্ভিসের ইউনিট বেড়ে ২১ টিতে পৌঁছেছে। আগুন নিয়ন্ত্রণে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশও যোগ দিয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) আইএসপিআর থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
এদিকে সিটি করপোরেশনের পক্ষ থেকে পানি সরবরাহ করা হচ্ছে। এ ছাড়া, স্থানীয় ও জাতীয় স্বেচ্ছাসেবীরা আগুন নিয়ন্ত্রণে সহযোগিতা করছেন।
এর আগে এদিন সকাল সাড়ে ১০ টার দিকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের সদরদফতরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম বিষয়টি নিশ্চিত করেছেন।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আগুন নিয়ন্ত্রণে টঙ্গী ফায়ার স্টেশন থেকে তিনটি, উত্তরা ফায়ার স্টেশন থেকে তিনটি, গাজীপুর চৌরাস্তা মডার্ন থেকে চারটি, কুর্মিটোলা ফায়ার স্টেশন থেকে চারটি, রাজেন্দ্রপুর ফায়ার স্টেশন থেকে দু’টি এবং পূর্বাচল ফায়ার স্টেশন থেকে তিনটি ইউনিট পাঠানো হয়েছে। এ ছাড়া, মিরপুর থেকে একটি হ্যাজম্যাট টেন্ডার আগুন নিয়ন্ত্রণের কাজে যুক্ত হয়েছে।
