অনলাইন ডেস্ক
রাজধানীর রমনায় অবস্থিত অফিসার্স ক্লাবের একটি নির্মাণাধীন ভবন থেকে সাবেক অতিরিক্ত সচিব মো. মোশাররফ হোসেনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৬ অক্টোবর) বেলা পৌনে ১২টার দিকে ভবনটির নিচতলায় সিঁড়ির পাশ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
অফিসার্স ক্লাব সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল ১০টার দিকে ছোট মেয়েকে নিয়ে ক্লাবে প্রবেশ করেন মোশাররফ হোসেন। পরে মেয়েকে সুইমিংপুলের কাছে রেখে তিনি নির্মাণাধীন ভবনের ভেতরে যান। প্রায় এক ঘণ্টা পর ভবনটির নিচতলায় তাঁকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।
মোশাররফ হোসেন অফিসার্স ক্লাবের সদস্য ছিলেন। তিনি পরিবারের সঙ্গে রাজধানীর বনানীর একটি বাড়িতে বসবাস করতেন।
রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার শেখ জাহিদুল ইসলাম জানান, মোশাররফ হোসেনের দৃষ্টিশক্তি কম ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি ভবনটির তৃতীয় তলা থেকে নিচতলার ফাঁকা অংশে পড়ে যান। পুলিশ ঘটনাস্থলে মরদেহের সুরতহাল সম্পন্ন করেছে।
ডিসি আরও জানান, পরিবারের পক্ষ থেকে ময়নাতদন্তে অনিচ্ছার কথা জানানো হয়েছে। এ কারণে আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
পারিবারিক সূত্র জানিয়েছে, তাঁর বড় মেয়ে যুক্তরাষ্ট্রে থাকেন। তিনি দেশে ফিরলে মোশাররফ হোসেনের দাফন সম্পন্ন করা হবে।
