প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী নভেম্বরের প্রথম সপ্তাহে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করতে পারেন বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
সোমবার (১২ অক্টোবর) সচিবালয়ে কক্সবাজার বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা সংক্রান্ত সভার শুরুতে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
তিনি বলেন, কক্সবাজার বিমানবন্দর আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে চালুর বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে ইতোমধ্যে কথা হয়েছে। আশা করা হচ্ছে, নভেম্বরের প্রথম সপ্তাহের দিকে উদ্বোধনের জন্য তার সময় পাওয়া যাবে এবং তিনি বিমানবন্দরটি উদ্বোধন প্রধানমন্ত্রী করবেন।
উদ্বোধনের তারিখ প্রসঙ্গে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী ২৬ অক্টোবর জাপান সফরে যাবেন এবং ২৯ অক্টোবর দেশে ফিরবেন। এরপর তার সময় পাওয়া গেলে উদ্বোধনের তারিখ ঘোষণা করা হবে।
কোন কোন এয়ারলাইন্স কক্সবাজার থেকে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা করবে, সে বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও এসময় জানান তিনি।
মন্ত্রী বলেন, বিভিন্ন দেশের এয়ারলাইন্সের কান্ট্রি হেডরা এই সভায় উপস্থিত রয়েছেন। তাদের সঙ্গে কথা বলে প্রাথমিকভাবে গন্তব্য দেশগুলো নির্ধারণ করা হবে।
The post নভেম্বরের প্রথম সপ্তাহে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন appeared first on Ctgtimes.com.
