দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং বাণিজ্য, বিনিয়োগ ও সাংস্কৃতিক সহযোগিতার নতুন সুযোগ তৈরির লক্ষ্যে পাঁচ দিনের সরকারি সফরে স্পেন ও যুক্তরাজ্য যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। আগামী ২৬ থেকে ৩০ অক্টোবর পর্যন্ত তাঁর এ সফর অনুষ্ঠিত হবে।
রোববার (২৫ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সফরকালে দুই দেশের সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা, ব্যবসায়ী ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং বৈঠক করবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। এসব বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, পর্যটন, দক্ষতা উন্নয়ন ও সাংস্কৃতিক বিনিময়সহ বিভিন্ন খাতে সহযোগিতা সম্প্রসারণের সম্ভাবনা নিয়ে আলোচনা হবে।
সফরের প্রথম পর্যায়ে ২৬ অক্টোবর স্পেনের সেভিল শহরে ‘তৃতীয় স্পেন-বাংলাদেশ এক্সপো ২০২৬’-এর উদ্বোধন করবেন শামা ওবায়েদ ইসলাম। ‘দৃঢ়তর অংশীদারি, অভিন্ন সমৃদ্ধি’ প্রতিপাদ্যে আয়োজিত এ এক্সপোর উদ্যোক্তা স্পেন-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এসবিসিসিআই)।
বাংলাদেশ ও স্পেনের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক সম্প্রসারণ এবং ব্যবসায়িক যোগাযোগ বাড়ানোই এ আয়োজনের মূল লক্ষ্য। এক্সপোর মাধ্যমে বাংলাদেশি রপ্তানিকারকদের সঙ্গে স্পেনের উৎপাদক, আমদানিকারক ও বিনিয়োগকারীদের যোগাযোগ স্থাপনের সুযোগ তৈরি হবে।
এ ছাড়া দুই দেশের ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের মধ্যে অংশীদারত্ব বাড়ানো, নতুন বাজারের সন্ধান এবং পারস্পরিক বাণিজ্যিক সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারণেও এ আয়োজন ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
স্পেন সফর শেষে ২৯ ও ৩০ অক্টোবর যুক্তরাজ্য সফর করবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। এ পর্যায়ে বাংলাদেশের শিল্প-সংস্কৃতির আন্তর্জাতিক প্রচার, সাংস্কৃতিক অংশীদারত্ব সম্প্রসারণ এবং সৃজনশীল অর্থনীতির বিকাশে নতুন সম্ভাবনা অনুসন্ধানকে অগ্রাধিকার দেওয়া হবে।
যুক্তরাজ্যে অবস্থানকালে বাংলাদেশের সাংস্কৃতিক কর্মকাণ্ড আন্তর্জাতিক পরিসরে তুলে ধরা এবং বিভিন্ন দেশের সঙ্গে সাংস্কৃতিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা করবেন তিনি। একই সঙ্গে সৃজনশীল শিল্প খাতে আন্তর্জাতিক অংশীদারত্বের সুযোগ সৃষ্টি এবং এ খাতের বিকাশে সহযোগিতা সম্প্রসারণের বিষয়েও গুরুত্ব দেওয়া হবে।
সংশ্লিষ্টদের মতে, এ সফরের মাধ্যমে স্পেন ও যুক্তরাজ্যের সঙ্গে বাংলাদেশের অর্থনৈতিক ও সাংস্কৃতিক সম্পর্ক আরও জোরদার হওয়ার পাশাপাশি রপ্তানি, বিনিয়োগ এবং নতুন ব্যবসায়িক যোগাযোগের সুযোগ তৈরি হতে পারে।
The post স্পেন ও যুক্তরাজ্য সফরে যাচ্ছেন শামা ওবায়েদ appeared first on ভোরের চেতনা.
