কুড়িগ্রামে জোড়া খুনের মামলায় একজনের যাবজ্জীবন, চারজনের কারাদণ্ড
কুড়িগ্রাম প্রতিনিধি
- আপডেট সময় : ১০:২৭:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ১০ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
কুড়িগ্রামের রৌমারীতে জোড়া খুনের মামলায় ২০ বছর পর রায় দিয়েছেন আদালত। রায়ে আব্দুল মমিনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং চার আসামিকে তিন বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। অপর চার আসামিকে খালাস দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে কুড়িগ্রামের অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. জয়নাল আবেদীন এ রায় ঘোষণা করেন।
যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি আব্দুল মমিনকে এক হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাঁকে আরও এক বছর কারাদণ্ড ভোগ করতে হবে।
তিন বছর করে কারাদণ্ড পাওয়া অন্য চার আসামি হলেন আমিনুল ইসলাম, সিদ্দিক, সফিকুল ইসলাম ও আবু বক্কর। তাঁদের প্রত্যেককে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও এক মাস কারাদণ্ড ভোগ করতে হবে।
খালাস পাওয়া চার আসামি হলেন মাইদুল ইসলাম, জয়নাল আবেদীন, হোসেন আলী ও হাসেন আলী।
মামলার বিবরণে জানা যায়, ২০০৬ সালের ২৭ অক্টোবর প্রতিপক্ষের হামলায় জালাল উদ্দিন ও তাঁর ভাতিজা খলিলুর রহমান নিহত হন। এ ঘটনায় জালাল উদ্দিনের ভাই আব্দুর রউফ বাদী হয়ে রৌমারী থানায় হত্যা মামলা করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার মামলাটির রায় ঘোষণা করা হয়।
আসামিপক্ষে মামলা পরিচালনা করেন জ্যেষ্ঠ আইনজীবী আজিজুর রহমান দুলু। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট তারিকুর রহমান তারিক।
রায়ের প্রতিক্রিয়ায় তারিকুর রহমান তারিক বলেন, দীর্ঘ ২০ বছর পর মামলাটির রায় হয়েছে। রায়ে তিনি সন্তুষ্ট।
