যাত্রাবাড়ীতে তাইম হত্যা
সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ ১১ আসামির বিরুদ্ধে যুক্তিতর্ক শুরু
ফন্ট সাইজ:
100%
রাজধানীর যাত্রাবাড়ীতে কিশোর ইমাম হাসান তাইমকে গুলি করে হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ ১১ আসামির বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয়েছে। রবিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ এই যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয়। মামলাটিতে তদন্ত কর্মকর্তাসহ রাষ্ট্রপক্ষের মোট ১৬ জনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে।
মামলার মোট ১১ জন আসামির মধ্যে ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান, সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী ও ওয়ারী বিভাগের সাবেক উপকমিশনার মো. ইকবাল হোসাইনসহ ৯ জন বর্তমানে পলাতক রয়েছেন। অন্যদিকে, কারাগারে থাকা অপর দুই আসামি হলেন যাত্রাবাড়ী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান এবং সাবেক উপপরিদর্শক (এসআই) মো. শাহদাত আলী।
এদিকে, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর মোহাম্মদপুরের ঘটনায় দায়ের করা মামলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের তৎকালীন মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানকসহ ২৮ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ আজ দশম সাক্ষীর সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।
