সৌদিতে ফের হুতি হামলার নিন্দা বাংলাদেশের
সৌদি আরবে ইয়েমেনি গোষ্ঠী হুতিদের অব্যাহত হামলায় আবারও কড়া ভাষায় নিন্দা জানিয়েছে বাংলাদেশ।
বাংলাদেশ
জার্নাল ডেস্কসৌদি আরবে ইয়েমেনি গোষ্ঠী হুতিদের অব্যাহত হামলায় আবারও কড়া ভাষায় নিন্দা জানিয়েছে বাংলাদেশ। দাম্মামের বাদশা ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশি আহত হওয়ার প্রেক্ষাপটে শুক্রবার এক বিবৃতিতে সরকারের এই অবস্থান তুলে ধরে পররাষ্ট্র মন্ত্রণালয়।
বিবৃতিতে বলা হয়, দাম্মামের বিমানবন্দরসহ সৌদি আরবে হুতিদের হামলার তীব্র নিন্দা জানাচ্ছে বাংলাদেশ। দাম্মামে হতাহতের ঘটনা ঘটেছে এবং আহত হয়েছেন ২ বাংলাদেশি।
সৌদি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বৃহস্পতিবার ভোর রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে বলেছে, গত বুধবার স্থানীয় সময় সন্ধ্যায় দাম্মামের বাদশা ফাহাদ বিমানবন্দরে এ হামলা হয়।
ওই হামলায় এক ভারতীয় ও একজন সৌদি নাগরিক নিহত হওয়ার খবর বৃহস্পতিবার সংবাদমাধ্যমে এসেছে।
আহতদের মধ্যে ২ বাংলাদেশি ছাড়াও দুই ভারতীয়, দুই ইয়েমেনি, এক সৌদি ও এক নেপালি নাগরিক রয়েছেন বলে সৌদি সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে। এদের মধ্যে কয়েকজনের অবস্থা সঙ্কটজনক।
আহত বাংলাদেশিরা হলেন, কুমিল্লার বাঙ্গরাবাজার থানার রামচন্দ্রপুর গ্রামের সজল চন্দ্র দাস এবং নোয়াখালী সদর থানার গোবিগল্লপপুর গ্রামের মোহাম্মদ আব্দুর রহিম।
তাদের পরিচয় প্রকাশ করে বৃহস্পতিবার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, আহতরা বর্তমানে দাম্মামের সৌদি-জার্মান হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
শুক্রবারের বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, হামলায় ক্ষতিগ্রস্ত সবার পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা এবং সৌদি সরকার ও জনগণের সঙ্গে সংহতি প্রকাশ করছে বাংলাদেশ। একইসঙ্গে সব ধরনের হামলা অবিলম্বে বন্ধ এবং কূটনীতির মাধ্যমে শান্তিপূর্ণ সমাধানেরও আহ্বান জানানো হয়েছে বিবৃতিতে।
এর আগে গত ১০ অক্টোবর সৌদি আরবের বাদশা খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলায় ২ বাংলাদেশি নিহত হন। তাদের মধ্যে একজন শাহেদ আহম্মেদের মরদেহ শুক্রবার দেশে পৌঁছেছে।
বাংলাদেশ জার্নাল/সিএম