আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে একের পর এক সাফল্য অর্জন করছে রেজওয়ান শাহরিয়ার সুমিত পরিচালিত সিনেমা ‘মাস্টার’। সম্প্রতি ৫৩তম বেলগ্রেড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা চিত্রনাট্যের পুরস্কার জিতেছে সিনেমাটি।
এর আগে আরও কয়েকটি আন্তর্জাতিক উৎসবেও প্রশংসা ও পুরস্কার পেয়েছে এটি। তবে এত অর্জনের পরও বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে না সিনেমাটি। আমলাতান্ত্রিক জটিলতার কারণে দেশে মুক্তির ছাড়পত্র পাওয়া নিয়ে জটিলতা তৈরি হয়েছে বলে জানিয়েছেন নির্মাতা।
বিজ্ঞাপন
বেলগ্রেড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ওয়ার্ল্ড কম্পিটিশন বিভাগে ‘মাস্টার’র চিত্রনাট্যের জন্য পুরস্কার পেয়েছেন রেজওয়ান শাহরিয়ার সুমিত ও সাব্বির হোসাইন শোভন। সিনেমাটির রাজনৈতিক প্রেক্ষাপট ও গল্প বলার ধরন বিচারকদের প্রশংসা পেয়েছে। উৎসবের জুরি বোর্ডের প্রধান ছিলেন সাশা রাদোয়েভিচ। তার সঙ্গে জুরি সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন ড. সালি সালিজি সালিনি ও মার্টিন মিলিনকোভিচ।
এবারের উৎসবে সেরা চলচ্চিত্রের পুরস্কার পেয়েছে হুয়ান পাবলো সালাতোর ‘দ্য রেড হ্যাঙ্গার’। সেরা পরিচালকের স্বীকৃতি পেয়েছেন ‘ফিলিপিনানা’ সিনেমার নির্মাতা রাফায়েল ম্যানুয়েল।
বিজ্ঞাপন
১৯৭১ সালে যাত্রা শুরু করা বেলগ্রেড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব বিশ্বের গুরুত্বপূর্ণ চলচ্চিত্র আয়োজনগুলোর একটি। এ উৎসবে অতীতে সম্মানিত হয়েছেন উইম ওয়েন্ডার্স, ফ্রান্সিস ফোর্ড কপোলা, বার্নার্দো বের্তোলুচি ও মিলোস ফোরম্যানের মতো খ্যাতিমান নির্মাতারা।
‘মাস্টার’র আন্তর্জাতিক সাফল্যের গল্প অবশ্য এখানেই শেষ নয়। এর আগে ২২তম লুকা চলচ্চিত্র উৎসবে সেরা পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের পুরস্কার পেয়েছে সিনেমাটি। এছাড়া ৫৫তম রটারডাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও জিতেছে বিগ স্ক্রিন অ্যাওয়ার্ড। একের পর এক আন্তর্জাতিক স্বীকৃতি সিনেমাটিকে ঘিরে প্রত্যাশা বাড়ালেও দেশের দর্শকের সামনে এটি কবে আসবে, সেই প্রশ্নের উত্তর এখনো মেলেনি।
নির্মাতা রেজওয়ান শাহরিয়ার সুমিতের ভাষ্য, আমলাতান্ত্রিক জটিলতার কারণে বাংলাদেশে সিনেমাটির মুক্তি আটকে আছে। আন্তর্জাতিক অঙ্গনে স্বীকৃতি পাওয়ার পরও নিজ দেশে সিনেমাটি মুক্তি দিতে না পারার বিষয়টি তাই নতুন করে আলোচনায় এসেছে।
বিজ্ঞাপন
সিনেমাটির বিষয়বস্তুর সঙ্গে এর মুক্তির বর্তমান পরিস্থিতিরও এক ধরনের মিল খুঁজে পাচ্ছেন নির্মাতা। ‘মাস্টার’-এ কাঠামোগত জটিলতা, প্রশাসনিক বাধা ও প্রাতিষ্ঠানিক নিয়ন্ত্রণের মতো বিষয় উঠে এসেছে। বাস্তবেও সিনেমাটির মুক্তির পথে প্রশাসনিক জটিলতা বাধা হয়ে দাঁড়ানোয় বিষয়টি নিয়ে তৈরি হয়েছে ভিন্ন মাত্রার আলোচনা।
আন্তর্জাতিক উৎসবে পুরস্কার পাওয়া একটি বাংলাদেশি সিনেমা দেশের দর্শকের কাছে পৌঁছাতে পারছে না কেন, সেই প্রশ্নই এখন সামনে আসছে। ‘মাস্টার’র মুক্তির জটিলতা কবে কাটবে এবং কবে দেশের প্রেক্ষাগৃহে সিনেমাটি দেখার সুযোগ পাবেন দর্শক-সেদিকেই এখন নজর সংশ্লিষ্টদের।
এমএমএফ
ফলো করুন
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।
