ময়মনসিংহের গফরগাঁওয়ে স্বামীর বাড়িতে নাদিয়া আক্তার (১৮) নামে তিনমাসের এক অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। দাবি উঠেছে, তাকে শ্বাসরোধে হত্যা করে স্বামী ও শাশুড়ি। ঘটনার পর থেকে পলাতক আছেন তারা।
বুধবার (২১ অক্টোবর) রাতে গফরগাঁও উপজেলার গফরগাঁও ইউনিয়নের হাতিখলা গ্রামে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে।
নিহত নাদিয়া আক্তার হাতিখলা গ্রামের কাউসারের (২৬) স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, কিছুদিন আগে গৃহবধূ নাদিয়ার সঙ্গে কাউসারের বিয়ে হয়। নাদিয়া তিন মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। বিয়ের পর থেকেই পরিবারের নানা ঘটনা নিয়ে স্বামী ও শাশুড়ির সঙ্গে নাদিয়ার মনমালিন্য চলে আসছিল। বুধবার রাতে পারিবারিক কলহ চূড়ান্ত রূপ নিলে একপর্যায়ে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয় বলে অভিযোগ তাদের।
নিহতের স্বজনদের দাবি, এটি স্বাভাবিক কোনো মৃত্যু নয়। নাদিয়াকে যৌতুক বা অন্যকোনো পারিবারিক বিরোধের জেরে পরিকল্পিতভাবে হত্যা করা হয়ে থাকতে পারে।
ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তসহ অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন নিহতের স্বজনেরা।
খবর পেয়ে গফরগাঁও থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
এ বিষয়ে পুলিশ জানায়, মৃত্যুর সঠিক কারণ জানতে লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে এবং নিহতের পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
