প্রকাশিত: ০৮:২২, ১৮ অক্টোবর ২০২৬ আপডেট: ০৮:২৩, ১৮ অক্টোবর ২০২৬
নেত্রকোণা প্রতিনিধি || রাইজিংবিডি.কম
সাজিবুল ইসলাম ওরফে অপূর্ব
নেত্রকোণার দুর্গাপুরে সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকির (৪০) হত্যা মামলায় সাজিবুল ইসলাম ওরফে অপূর্ব (২৮) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১৭ অক্টোবর) দিবাগত রাত পৌনে ১২টার দিকে দুর্গাপুর পৌর শহরের মধ্যবাজারের সিনেমা হল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। দুর্গাপুর থানার ওসি খন্দকার শাকের আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
অপূর্ব পৌর শহরের উকিলপাড়া এলাকার শমশের আলীর ছেলে। এর আগে, ২০২৫ সালের জানুয়ারিতে দুর্গাপুরে পুলিশের উপ-পরিদর্শক মো. শফিকুল ইসলামকে কুপিয়ে হত্যার মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছিল। পরে জামিনে মুক্তি পান তিনি।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে উপজেলার বিরিশিরি ইউনিয়নের তেলুঞ্জিয়া গ্রামে শ্বশুরবাড়ি এলাকার একটি দোকানের সামনে গুলিতে নিহত হন সাংবাদিক আলিফ ফকির। এ ঘটনায় শুক্রবার রাতে নিহতের স্ত্রী আনন্দিতা সাংমা বাদী হয়ে দুর্গাপুর থানায় মামলা করেন। মামলায় অজ্ঞাতপরিচয় সাত থেকে আটজনকে আসামি করা হয়েছে।
নিহত লুৎফুজ্জামান আলিফ ফকির আইপিটিভি রূপসী বাংলার নেত্রকোণা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। পাশাপাশি ‘ডিটেকটিভ আর্টিকেল’ নামে একটি ফেসবুক পেজ পরিচালনা করতেন তিনি।
