গাজীপুরের টঙ্গীতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ একই পরিবারের তিনজনের মধ্যে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। বুধবার (২১ অক্টোবর) রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এছাড়া তাদের মেয়ে ১৬ বছর বয়সী তানিসা আক্তার এখনো আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ হোসেন স্বামী-স্ত্রীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতেরা হলেন মো. লালচান (৬০) ও তার স্ত্রী মোছা. নাসিমা বেগম (৫০)।
এর আগে, বুধবার (২১ অক্টোবর) সকাল ৬টার দিকে টঙ্গীর মুদাফা এলাকার মাদবরবাড়ির একটি বাসায় গ্যাস বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে একই পরিবারের তিনজন দগ্ধ হন। তাদের উদ্ধার করে প্রথমে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. সুলতান মাহমুদ শিকদার জানিয়েছিলেন, দগ্ধ লালচানের শরীরের ৯৫ শতাংশ, নাসিমা বেগমের ৮৫ শতাংশ এবং তানিসা আক্তারের ৮৬ শতাংশ পুড়ে গেছে। তিনজনের অবস্থাই আশঙ্কাজনক ছিল।
টঙ্গী পশ্চিম থানার ওসি আরিফ হোসেন জানান, বিস্ফোরণের ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। কীভাবে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ ঘটেছে, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে।
