নরসিংদী শহরের সেবাসংঘ এলাকার একটি সাততলা ভবনের দ্বিতীয় তলার একটি ফ্ল্যাটে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। একটি ডাইং কারখানা করার স্বপ্ন নিয়ে গ্রামের বাড়ির জমি বিক্রি করেছিলেন সুখন চৌধুরী (৫০)। ডাইং কেনার পাকা কথাও হয়ে গিয়েছিল। জমি বিক্রির ৫০ লাখ টাকা নরসিংদীর ভাড়া বাসার আলমারিতে রেখে দুর্গাপূজা উদ্?যাপন করতে গ্রামের বাড়িতে গিয়েছিলেন তিনি। পূজা শেষে ফিরে এসে দেখেন, সবকিছু তছনছ করা হয়েছে। আলমারি থেকে কারখানা করার ৫০ লাখ টাকা ও স্ত্রীর আট ভরি স্বর্ণালংকার চুরি হয়ে গেছে।
সুখন চৌধুরী গণমাধ্যমকে বলেন, একটি ডাইং কারখানা করার জন্য গ্রামের জমি বিক্রি করে ৫০ লাখ টাকা এনে বাসায় রেখেছিলাম। ডাইং কেনার কথাবার্তাও ফাইনাল হয়ে গিয়েছিল। স্ত্রীর গয়নাগুলোও সেখানে ছিল। আমরা বাসায় না থাকায় গত ছয় দিনের মধ্যে কোনো এক সময় সব চুরি করে নিয়ে গেছে। একটা ডাইং করার সারা জীবনের স্বপ্নটা চোরেরা চুরি করে নিয়ে গেছে।
সুখনের স্ত্রী পূরবী পণ্ডিত বলেন, দুর্গাপূজার জন্য গত রবিবার দুপুরে নরসিংদীর বাসায় তালা দিয়ে তারা গ্রামের বাড়িতে গিয়েছিলেন। গত] শুক্রবার রাত ৮টার দিকে তারা নরসিংদীর বাসায় ফেরেন। ঘরে ঢুকে দেখেন ঘরের আসবাব ও জামাকাপড় ছড়িয়ে-ছিটিয়ে পড়ে আছে এবং আলমারি ভাঙা। আলমারির ভেতরে রাখা আট ভরি স্বর্ণালংকার আর কারখানা করার ৫০ লাখ টাকা নেই।
নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর আল মামুন গণমাধ্যমকে বলেন, ফ্ল্যাটে চুরির ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছেন। ঘটনাস্থলের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।
