প্রকাশিত: ১৭:৪৯, ১৩ অক্টোবর ২০২৬
বগুড়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম
অভিযুক্ত শিক্ষার্থীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ করেছে বিদ্যালয়ের শিক্ষার্থীরা
বগুড়ার বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজের শরীরচর্চা শিক্ষক রায়হান ইসলামকে গাছের মোটা ডাল দিয়ে পিটিয়ে আহত করেছে একই প্রতিষ্ঠানের সপ্তম শ্রেণির এক শিক্ষার্থী। এ ঘটনায় শিক্ষার্থীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ করেছে বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
মঙ্গলবার (১৩ অক্টোবর) বেলা ১১টার দিকে বিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে তারা। এর আগে সোমবার (১২ অক্টোবর) বিকেলে স্কুল ছুটির পর বগুড়া আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সামনে এ ঘটনা ঘটে।
বিদ্যালয়ের অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান জানান, সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে শিক্ষক রায়হান ইসলাম মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। এ সময় এপিবিএনের সামনে ওই শিক্ষার্থী তাকে দাঁড়াতে বলে। শিক্ষক থামলে পাশে রাখা গাছের মোটা ডাল দিয়ে অতর্কিতভাবে তার ঘাড় ও চোয়ালে আঘাত করে পালিয়ে যায়। এতে শিক্ষকের চোয়াল ফেটে যায় এবং তাকে সেলাই দিতে হয়।
অধ্যক্ষ আরো জানান, অভিযুক্ত শিক্ষার্থী এর আগেও বিভিন্ন সময়ে দুষ্টুমি ও শৃঙ্খলাভঙ্গ করেছে। এ নিয়ে তার অভিভাবককে ডেকে সতর্ক করা হয়েছিল। তখন শিক্ষার্থী নিজেকে সংশোধনের আশ্বাস দিয়েছিল।
তিনি বলেন, সোমবার ওই শিক্ষার্থী তার শ্রেণির ক্যাপ্টেনকে ধাক্কা দেয়। এতে ক্যাপ্টেন বেঞ্চের সঙ্গে ধাক্কা খেয়ে আহত হয়। এ সময় শিক্ষক রায়হান ওই দিক দিয়ে যাচ্ছিলেন। পরে শ্রেণির ক্যাপ্টেন তার কাছে অভিযোগ করে। এরপর শিক্ষক রায়হান ওই শিক্ষার্থীকে স্কুল শাখার প্রধানের কাছে নিয়ে গেলে তাকে অভিভাবকসহ দেখা করতে বলা হয়। পরে স্কুল ছুটির পর শিক্ষার্থী শিক্ষককে মারধর করে।
অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান বলেন, অভিযুক্ত শিক্ষার্থীকে বিদ্যালয় থেকে টিসি (ট্রান্সফার সার্টিফিকেট) দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। শিক্ষক সুস্থ হলে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, শিক্ষককে মারধরের ঘটনায় জড়িত শিক্ষার্থীর বিচারের দাবিতে মঙ্গলবার সকালে বিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে শিক্ষার্থীরা। এ সময় তাদের হাতে অভিযুক্ত শিক্ষার্থীর বিরুদ্ধে লেখা বিভিন্ন প্ল্যাকার্ড ছিল। সমাবেশ থেকে তারা ওই শিক্ষার্থীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়।
