The Sangbad · দেশ
দেশে-বিদেশে ষড়যন্ত্র চালাচ্ছে পতিত সরকারের দোসররা : রিজভী
১৪/১০/২০২৬

জনগণের ভোটে নির্বাচিত সরকারকে ঝামেলায় ফেলতে এবং দেশজুড়ে অস্থিতিশীল পরিবেশ তৈরির লক্ষ্যে পতিত সরকারের দোসররা নানাভাবে নাশকতামূলক কর্মকাণ্ড ও ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। এসব অপতৎপরতার বিরুদ্ধে দেশের সর্বস্তরের মানুষকে সজাগ ও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি।বুধবার (১৪ অক্টোবর) দুপুরে ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার গাজীরটেক এলাকায় আয়োজিত মানবিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।অনুষ্ঠানটিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে স্থানীয় বাসিন্দা মো. লকাই বিশ্বাসের হাতে নতুন নির্মিত বাড়ির চাবি হস্তান্তর, চিকিৎসা সহায়তা এবং আত্মকর্মসংস্থানের জন্য সেলাই মেশিন বিতরণ করা হয়।বক্তব্যে ভারতের মাটিকে ব্যবহার করে চলমান ষড়যন্ত্রের কথা উল্লেখ করে বিএনপির এই শীর্ষ নেতা বলেন, ‘ভারত থেকে পতিত সরকারের দোসররা নতুন করে ষড়যন্ত্রের জাল বিস্তার করছে। সম্প্রতি বিদেশের মাটিতে নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে ন্যক্কারজনকভাবে অপমান করা হয়েছে। এসব ঘটনা আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তিকে কোথায় নিয়ে ঠেকায়, তা ভেবে দেখা প্রয়োজন।’ফরিদপুর-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় কৃষক দল নেতা শহিদুল ইসলাম বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ।এ ছাড়া অন্যদের মধ্যে বক্তব্য দেন ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ইছা এবং সাধারণ সম্পাদক এ কে এম কিবরিয়া স্বপনসহ স্থানীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।আলোচনা সভা শেষে রুহুল কবির রিজভী আনুষ্ঠানিকভাবে মো. লকাই বিশ্বাসের হাতে নতুন নির্মিত বাড়ির চাবি তুলে দেন এবং অসহায়দের মাঝে চিকিৎসা সহায়তা ও সেলাই মেশিন বিতরণ সম্পন্ন করেন।
মূল প্রতিবেদনে যান ↗