গাইবান্ধায় আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসে ঘাঘট নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার তিন দিন পর নিয়ন হুদা (৪০) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।
শনিবার (২৪ অক্টোবর) বিকেলে গাইবান্ধা সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের কাজলডোপ এলাকায় ঘাঘট নদী থেকে ফায়ার সার্ভিস ও ডুবুরি দল তাঁর মরদেহ উদ্ধার করে।
নিহত নিয়ন হুদা গাইবান্ধা শহরের পশ্চিমপাড়া এলাকার মোয়াজ্জেম হোসেনের ছেলে। তিনি ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। দুর্গাপূজার ছুটিতে বাড়ি এসে আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন তিনি।
পরিবার সূত্রে জানা যায়, গত বুধবার (২১ অক্টোবর) গাইবান্ধায় স্বজনের বাড়িতে দাওয়াতে যান নিয়ন। পরদিন বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে চারজন মিলে কাজলডোপ এলাকায় ঘাঘট নদীতে গোসল করতে নামেন। গোসলের একপর্যায়ে তিনজন সাঁতরে তীরে উঠতে পারলেও নিয়ন পানিতে তলিয়ে নিখোঁজ হন।
খবর পেয়ে গাইবান্ধা সদর ফায়ার সার্ভিসের একটি দল উদ্ধারকাজ শুরু করে। পরবর্তীতে রংপুরের একটি বিশেষ ডুবুরি দল অভিযানে যোগ দেয়। টানা তিন দিন অভিযানের পর শনিবার বিকেলে নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গাইবান্ধা সদর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রিফাত আল মামুন জানান, নিখোঁজের পর থেকেই ফায়ার সার্ভিস ও ডুবুরি দলের যৌথ অভিযান অব্যাহত ছিল। অবশেষে শনিবার বিকেলে নদী থেকে মরদেহটি উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
জেএইচআর
