কেরানীগঞ্জ প্রতিনিধি
আপডেট :
১৫ অক্টোবর ২০২৬, ১৬: ০৭
ঢাকার কেরানীগঞ্জে সোনার চেইন ছিনতাইয়ের সময় চিনে ফেলায় ফলবরু (৮০) নামের এক বৃদ্ধাকে গলাকেটে হত্যার অভিযোগ উঠেছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে কেরানীগঞ্জ মডেল থানার কলাতিয়া ইউনিয়নের নতুন চর খাড়াকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়দের হাতে আটক অভিযুক্ত সিরাজুলকে (৩৮) পুলিশ গ্রেপ্তার করেছে।
নিহত ফলবরু ওই এলাকার মৃত আশরাফ আলীর মেয়ে ও মৃত লাল মিয়ার স্ত্রী। তিনি মেয়ের সঙ্গে থাকতেন। অভিযুক্ত সিরাজুল একই এলাকার মৃত মতিনের ছেলে।
নিহতের ছেলে আব্দুল কুদ্দুস জানান, তাঁর মা বোনের বাড়ির পাশেই ছোট ভাই ইদ্রিসের উঠানে ঝাড়ু দিচ্ছিলেন। এ সময় সিরাজুল তাঁর মায়ের গলায় থাকা প্রায় এক ভরি ওজনের সোনার চেইন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। তাঁর মা সিরাজুলকে চিনে ফেলায় ও বাধা দেওয়ায় ধারালো ছুরি দিয়ে গলা কেটে হত্যা করা হয় বলে অভিযোগ করেন তিনি।
প্রতিবেশী বহর বাইয়া জানান, চিৎকার-চেঁচামেচি শুনে ঘটনাস্থলে গিয়ে তিনি বৃদ্ধার মরদেহ দেখতে পান। কয়েকজন তাঁকে জানান, লাল গেঞ্জি পরা এক ব্যক্তি বৃদ্ধাকে হত্যা করে পালিয়ে গেছে। পরে সিরাজুলকে সন্দেহ হলে তাঁর বাড়িতে গিয়ে তাঁকে রক্তমাখা অবস্থায় দেখা যায়। এরপর তাঁকে মারধর করে পুলিশে সোপর্দ করা হয়।
হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে বিক্ষুব্ধ জনতা অভিযুক্তের বসতবাড়িতে ভাঙচুর ও লুটপাট চালায়।
খবর পেয়ে কেরানীগঞ্জ মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল কুদ্দুস জানান, সিরাজুলকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় থানায় আইনগত প্রক্রিয়া চলমান।

