শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ঢাকা-৫ আসনে হিন্দু নারীদের মধ্যে শাড়ি বিতরণ অনুষ্ঠানে সংসদ সদস্য মোহাম্মদ কামাল হোসেন রাষ্ট্রীয় বরাদ্দ বণ্টনে দুর্নীতি, অনিয়ম, দলীয়করণ ও স্বজনপ্রীতি বরদাস্ত না করার হুঁশিয়ারি দেন এবং সিটি করপোরেশনের ওয়ার্ডগুলোতেও ইসলামী নেতৃত্ব নির্বাচিত করার আহ্বান জানান।
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ঢাকা-৫ সংসদীয় এলাকার হিন্দু নারীদের মাঝে শাড়ি বিতরণ করা হয়েছে।
রোববার (১৮ অক্টোবর) আয়োজিত এ অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি মোহাম্মদ কামাল হোসেন এমপি রাষ্ট্রীয় বরাদ্দ বণ্টনে কোনো ধরনের অনিয়ম, দুর্নীতি, দলীয়করণ ও স্বজনপ্রীতি বরদাস্ত করা হবে না বলে সতর্ক করেন।
তিনি বলেন, “রাষ্ট্রীয় বরাদ্দে কোনো অনিয়ম মেনে নেওয়া হবে না।” রাষ্ট্রীয় বরাদ্দ জনগণের আমানত উল্লেখ করে তিনি বলেন, দলমত, ধর্মবর্ণ ও জাতিগোষ্ঠী নির্বিশেষে সবার মধ্যে রাষ্ট্রীয় বরাদ্দ বণ্টন করতে হবে। জনগণের জন্য যা বরাদ্দ করা হবে, তা জনগণের মধ্যে সমানভাবে বণ্টন করতে হবে।
মোহাম্মদ কামাল হোসেন বলেন, জামায়াতে ইসলামী নেতৃত্বে থাকলে রাষ্ট্রীয় বরাদ্দের এক পয়সাও তছরুপ হয় না, হবে না। রাষ্ট্রীয় বরাদ্দ বণ্টনে কোনো ধরনের দুর্নীতি, অনিয়ম, দলীয়করণ, আত্মীয়করণ কিংবা স্বজনপ্রীতি জামায়াতে ইসলামী করে না, করতেও দেবে না। জনগণের আমানত বণ্টনে অনিয়ম করলে কাউকে ছাড় দেওয়া হবে না বলেও তিনি সংশ্লিষ্টদের সতর্ক করেন।
অনুষ্ঠানে উপস্থিত হিন্দু সম্প্রদায়ের লোকজনের উদ্দেশে তিনি বলেন, জামায়াতে ইসলামী ছাড়া অন্য কোনো দলের কাছে হিন্দুরা নিরাপদ নয়। হিন্দুদের জানমাল যাদের হাতে লুণ্ঠিত হয়েছে, তারাই জামায়াতে ইসলামীর বিরুদ্ধে অপপ্রচার চালিয়েছে। আজও যারা মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির গডফাদার, তাদের নেতৃত্বে সমাজের মানুষ জুলুমের শিকার হচ্ছে।
সংসদের মতো সিটি করপোরেশনের প্রতিটি ওয়ার্ডেও ইসলামী নেতৃত্ব নির্বাচিত করে জনগণের খেদমত করার সুযোগ দিতে উপস্থিত হিন্দু সম্প্রদায়ের লোকজনের প্রতি আহ্বান জানান তিনি।
শাড়ি বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ৬৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মোহাম্মদ আলী, ৬৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী আলী হোসেন ফরাজী, ৬৪ নম্বর ওয়ার্ডের ধার্মিক পাড়া পূজামণ্ডপ কমিটির সভাপতি শ্রী গোপাল চন্দ্র মণ্ডল, সাধারণ সম্পাদক শ্রী প্রান্তুষ দাস এবং কোনাপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ আলতাব হোসেন প্রমুখ।
