রাখি উৎসবে মুক্তি পাওয়া একটি বিজ্ঞাপন ঘিরে বিতর্কে জড়িয়েছিলেন বলিউড অভিনেত্রী কৃতি স্যানন। সমালোচনার মুখে শেষ পর্যন্ত বিজ্ঞাপনটি বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে সরিয়ে নেয় সংশ্লিষ্ট প্রতিষ্ঠান। তবে বিতর্কের রেশ কাটেনি। এবার সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রোলিং, নারীদের প্রতি বৈষম্য এবং নিজের পরিবারের সদস্যদের নিয়ে কুরুচিকর মন্তব্যের বিরুদ্ধে মুখ খুলেছেন অভিনেত্রী।
কৃতির অভিযোগ, ভারতীয় সংস্কৃতি ও সম্মান রক্ষার কথা বলা ব্যক্তিরাই সামাজিক যোগাযোগমাধ্যমে তার বাবা-মা ও বোনকে অশ্রাব্য ভাষায় আক্রমন করছেন। বিষয়টি তাকে ভীষণভাবে বিচলিত করেছে বলেও জানান এই অভিনেত্রী।
সম্প্রতি কারিনা কাপুর খানের ইউটিউব শোতে অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন কৃতি। সেখানে রাখির বিজ্ঞাপন ঘিরে তৈরি হওয়া বিতর্ক এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ঘৃণামূলক মন্তব্য নিয়ে কথা বলেন তিনি।
কৃতি বলেন, 'এত ঘৃণা কেন? আমি সাধারণত পোস্টের নিচে মন্তব্য পড়ি না। কিন্তু কখনো কখনো মানুষ এতটা কুরুচিপূর্ণ হয়ে ওঠে! যারা সংস্কৃতি ও সম্মানের কথা বলেন, আশ্চর্যের বিষয়, তারাই আমার বাবা-মা ও বোনের পোস্টে সবচেয়ে নোংরা ও অকথ্য ভাষায় মন্তব্য করছেন।'
অভিনেত্রী জানান, পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছিল যে তার বোন তাকে সামাজিক যোগাযোগমাধ্যমে মন্তব্য করার সুযোগ বন্ধ করে দেওয়ার পরামর্শ দিয়েছিলেন। তবে কৃতি মনে করেন, এমন পরিস্থিতিতে চুপ করে থাকার চেয়ে প্রতিবাদ করাই জরুরি।
তার কথায়, 'আমার বোন আমাকে মন্তব্য করার জায়গাটা বন্ধ করে দিতে বলেছিল। আমি তাকে জিজ্ঞাসা করি, কেন? কারণ, ঘটনাটি আমাকে বিচলিত করেছিল। আমার মনে হয়, নারীদের নিজেদের জন্য সরব হওয়া জরুরি। এই মানুষগুলোকে এমন মন্তব্য করার অধিকার কে দিয়েছে? আর কিসের ভিত্তিতে তারা এসব কথা বলেন?'
নারী-পুরুষের বৈষম্য ও পিতৃতান্ত্রিক মানসিকতা নিয়েও সরব হন এই অভিনেত্রী। তার মতে, তারকারা অনেক সময় সহজ নিশানা হয়ে ওঠেন। কিন্তু তারকাদেরও অনুভূতি রয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে আক্রমণাত্মক মন্তব্য তাদেরও আঘাত করে।
