রংপুরের পীরগঞ্জে পৌরসভার নতুন বিল্ডিংয়ের ছাদ ধসে দুই শ্রমিক নিহত হয়েছেন। এ সময় আরো তিন শ্রমিক আহত হন। আহতদের উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) বেলা সাড়ে ৪টার দিকে উপজেলার আরাজীগঙ্গারামপুর ওয়ার্ডে পৌরসভার নির্মাণাধীন ভবনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— শ্রমিক আছাদুল হক, যার গ্রামের বাড়ি গাইবান্ধা জেলার সাদুল্লাপুর থানায় এবং শিহাব, যার বাড়ি রংপুরে।
স্থানীয় সূত্রে জানা যায়, পৌরসভার নির্মাণাধীন বিল্ডিংয়ে সকাল থেকে ১৩ শ্রমিক ছাদের নির্মাণকাজ করছিলেন। হঠাৎ সাটারিং ভেঙে পড়লে নিচে চাপা পড়েন ৪ শ্রমিক। এ সময় পীরগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে উদ্ধারকাজ শুরু করলে ঘটনাস্থলেই আছাদুল ও শিহাব মারা যান। আহত চারজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পীরগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন অফিসার নাজমুল সরকার বলেন, ‘ঘটনাস্থল থেকে ২ জনকে আশঙ্কাজনক অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। স্থানীয়রা আরো ৩ জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছে।’
পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল বাকী উল বারি ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
