কালবেলা · সাধারণ
টঙ্গীতে মাদ্রাসায় হামলা-লুটের অভিযোগে মামলা
২৩/১০/২০২৬

গাজীপুরের টঙ্গীতে সাত বছর বয়সী এক ছাত্রীকে চুমু দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে ক্বারীউল কুরআন ইন্টারন্যাশনাল মাদরাসায় হামলা, ভাঙচুর, শিক্ষক-শিক্ষিকাদের মারধর এবং ১৭ লাখ টাকা লুটের অভিযোগে মামলা করেছেন প্রতিষ্ঠানের অধ্যক্ষও।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
মাদ্রাসা কর্তৃপক্ষের অভিযোগ, ঘটনার দিন ১০ থেকে ১৫ জন বহিরাগত মাদ্রাসায় প্রবেশ করে হামলা ও ভাঙচুর চালায়। এ সময় খণ্ডকালীন শিক্ষক মোসলেম উদ্দিনসহ কয়েকজন শিক্ষক, শিক্ষিকা ও নিরাপত্তাপ্রহরীকে মারধর করা হয়। একইসঙ্গে জমি কেনার জন্য রাখা নগদ ১৭ লাখ টাকা লুট করে নেওয়া হয় বলে দাবি কর্তৃপক্ষের। পুরো ঘটনার ভিডিও মাদ্রাসার সিসিটিভি ক্যামেরায় সংরক্ষিত রয়েছে বলেও জানিয়েছেন তারা।
মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ মাওলানা ক্বারী মো. আলমাছ হোসেন গাজীপুরী বলেন, অভিযুক্ত শিক্ষক মোসলেম উদ্দিন একটি সরকারি বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিষয়ে অনার্সের শেষ বর্ষে অধ্যয়নরত এবং খণ্ডকালীন শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করতেন। তাকে উপাধ্যক্ষ হিসেবে প্রচার করা হচ্ছে, যা সঠিক নয় বলে দাবি করেন তিনি।
অধ্যক্ষ আরও বলেন, মাদ্রাসায় হামলা, শিক্ষকদের মারধর ও টাকা লুটের ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনা প্রয়োজন।
মূল প্রতিবেদনে যান ↗