The Sangbad · সাধারণ
এবার তিস্তা মহাপরিকল্পনায় আগ্রহ নেদারল্যান্ডসের
১৬/১০/২০২৬

চীনের পাশাপাশি এবার বাংলাদেশের তিস্তা নদীর সমন্বিত ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্পে কারিগরি সহায়তা, ড্রেজিং ও সম্ভাব্যতা সমীক্ষা পরিচালনায় আগ্রহ দেখিয়েছে নেদারল্যান্ডস। মঙ্গলবার (১৩ অক্টোবর) সচিবালয়ে ডাচ বৈদেশিক বাণিজ্য ও উন্নয়ন সহযোগিতাবিষয়ক মন্ত্রী সিওয়ার্ড সিওয়ার্ডসমার নেতৃত্বাধীন প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান এ বিষয়ে আলোচনা করেন।প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব শাহাদাৎ হোসেন স্বাধীন বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন।বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ ও নেদারল্যান্ডস উভয়ই বদ্বীপ অঞ্চল হওয়ায় জলবায়ু-সহনশীল নদী ব্যবস্থাপনা ও ভূমি পুনর্দখলে যৌথভাবে কাজ করার বিশাল সম্ভাবনা রয়েছে। অন্যদিকে ডাচ মন্ত্রী সিওয়ার্ডসমা পানিসম্পদ ব্যবস্থাপনা, টেকসই প্রযুক্তি ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে দ্বিপক্ষীয় অর্থনৈতিক সম্পর্ক সুদৃঢ় করার ওপর তাগিদ দেন।এর আগে গত জুনে প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের পর প্রকাশিত যৌথ ঘোষণায় তিস্তা প্রকল্পের সম্ভাব্যতা সমীক্ষা এবং টেকনিক্যাল সহায়তার বিষয়ে বেইজিংয়ের সম্পৃক্ততার কথা আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছিল। তবে কৌশলগত শিলিগুড়ি করিডরের (চিকেনস নেক) ভৌগোলিক নৈকট্যের কারণে প্রকল্পটিতে চীনের অংশগ্রহণ নিয়ে ভারতের নিরাপত্তা-উদ্বেগ রয়েছে।বাংলাদেশ স্পষ্ট করেছে যে, নিজস্ব ভূখণ্ডে নদী পুনরুদ্ধার ও স্থানীয় জনগণের জীবনযাত্রার মান উন্নয়নই জাতীয় স্বার্থের প্রধান লক্ষ্য। এটি কারো স্বার্থ ক্ষুণ্ন করার জন্য নয়। চীনের পাশাপাশি অন্যান্য উন্নয়ন অংশীদারদের সঙ্গে আলোচনা অব্যাহত রেখে বন্যা নিয়ন্ত্রণ ও শুষ্ক মৌসুমের পানির সংকট কাটাতে কাজ করছে সরকার।/
মূল প্রতিবেদনে যান ↗