শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপন নিশ্চিত করতে হবিগঞ্জসহ সীমান্তবর্তী এলাকার পূজামণ্ডপগুলোতে নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শ্রীমঙ্গল সেক্টরের আওতাধীন হবিগঞ্জ ব্যাটালিয়নসহ তিনটি ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় ২০৬টি পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
সম্প্রতি হবিগঞ্জের মাধবপুর উপজেলার সীমান্ত এলাকায় অবস্থিত ঘিলাতলী জগন্নাথ দেবের আখড়া পূজামণ্ডপ পরিদর্শন করেন বিজিবি শ্রীমঙ্গল সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল বিএম তৌহিদ হাসান, এএফডব্লিউসি, পিএসসি।
এ সময় হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান, বিজিওএম উপস্থিত ছিলেন। পরিদর্শনকালে পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তাব্যবস্থা ও এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন সেক্টর কমান্ডার। শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপনের প্রস্তুতি দেখে সন্তোষ প্রকাশ করেন তিনি।
এ সময় পূজামণ্ডপ পরিচালনা কমিটির সভাপতির হাতে বিজিবির পক্ষ থেকে শুভেচ্ছা উপহার তুলে দেওয়া হয়। সেক্টর কমান্ডার জানান, শ্রীমঙ্গল সেক্টরের আওতাধীন তিনটি ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় মোট ২৩৭টি পূজামণ্ডপ রয়েছে। এর মধ্যে সীমান্ত এলাকায় ২০৬টি পূজামণ্ডপের নিরাপত্তায় বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিত করতে শ্রীমঙ্গল সেক্টরে মোট ৩৪ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। ২২ অক্টোবর পর্যন্ত তাঁরা সীমান্ত সুরক্ষার নিয়মিত দায়িত্ব পালনের পাশাপাশি পূজামণ্ডপের নিরাপত্তায় অতিরিক্ত দায়িত্ব পালন করবেন। তিনি আরও জানান, নিরাপত্তা পর্যবেক্ষণে বিভিন্ন স্থানে আধুনিক ড্রোন ব্যবহার করা হচ্ছে।
পূজামণ্ডপের নিরাপত্তার পাশাপাশি সীমান্ত এলাকায় চোরাচালান, মাদক পাচার এবং অন্যান্য অপরাধ প্রতিরোধেও বিজিবির নজরদারি অব্যাহত রয়েছে।
সেক্টর কমান্ডার বলেন, পূজার নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষের সহযোগিতা ও গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা গুরুত্বপূর্ণ। তিনি গুজব ও অপপ্রচার এড়িয়ে চলা এবং যাচাই না করা তথ্য প্রচার না করার আহ্বান জানান।
সন্দেহজনক ব্যক্তি, বস্তু বা কর্মকাণ্ড নজরে এলে নিকটস্থ বিজিবি ক্যাম্প কিংবা সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাতে বলেন তিনি।
চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধ প্রসঙ্গে সেক্টর কমান্ডার জানান, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৭ অক্টোবর পর্যন্ত শ্রীমঙ্গল সেক্টরের আওতাধীন তিনটি ব্যাটালিয়নের অভিযানে ৮৭ কোটি ২৩ লাখ ৯৮ হাজার ১১৪ টাকা মূল্যের বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ও অন্যান্য অবৈধ মালামাল জব্দ করা হয়েছে। এসব অভিযানে ৭৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলেও তিনি জানান।
বিজিবির দেওয়া তথ্য অনুযায়ী, দেশের বিভিন্ন এলাকার মোট ২ হাজার ৭২৭টি পূজামণ্ডপের নিরাপত্তায় বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন। এর মধ্যে সীমান্তের আট কিলোমিটারের মধ্যে ১ হাজার ৪২৫টি, ব্যাটালিয়ন সদর দপ্তরের তিন কিলোমিটারের মধ্যে ১ হাজার ১১৯টি এবং দুর্গম এলাকায় ১৮৩টি পূজামণ্ডপ রয়েছে। দুর্গম এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে ১৮টি বেইজ ক্যাম্প স্থাপন করে কার্যক্রম শুরু করা হয়েছে।
পূজামণ্ডপের নিরাপত্তা সমন্বয়ে মাঠপর্যায়ে ‘শারদীয় সুরক্ষা’ অ্যাপ ব্যবহার করা হচ্ছে বলেও জানানো হয়েছে।
বিআলো/আমিনা