জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার ড. চৌধুরী ইশরাক আহমদ সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক মো. শওকত হোসেন সরকার ও জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মোবারক হোসেন।
স্টাফ রিপোর্টার, গাজীপুরঃ
অসচ্ছল ও দুস্থ নারীদের আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলতে গাজীপুরে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ করেছে জেলা পরিষদ। প্রাথমিক পর্যায়ে ৭৩ জন নারীর হাতে সেলাই মেশিন তুলে দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে মোট ৫০০ নারীকে এ সহায়তার আওতায় আনার পরিকল্পনা রয়েছে।
সোমবার সকালে গাজীপুর জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-২ আসনের সংসদ সদস্য ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম. মঞ্জুরুল করিম রনি। জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার ড. চৌধুরী ইশরাক আহমদ সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক মো. শওকত হোসেন সরকার ও জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মোবারক হোসেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এম. মঞ্জুরুল করিম রনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় প্রান্তিক জনগোষ্ঠী, বিশেষ করে অসচ্ছল নারীদের স্বাবলম্বী করতে বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে। অসহায় নারীদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং তাঁদের পরিবারের আর্থিক সচ্ছলতা বাড়াতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নারীরা যেন নিজেদের দক্ষতা কাজে লাগিয়ে আয় করতে পারেন, সে জন্য এ সহায়তা কার্যকর হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক মো. শওকত হোসেন সরকার বলেন, নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন ছাড়া টেকসই সামাজিক উন্নয়ন সম্ভব নয়। অসচ্ছল নারীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা গেলে তাঁরা পরিবারের আয়ে অবদান রাখার পাশাপাশি নিজেদের জীবনমানও উন্নত করতে পারবেন। এ জন্য আর্থিক সহায়তার পাশাপাশি তাঁদের দক্ষতা বৃদ্ধি ও স্বাবলম্বী হওয়ার সুযোগ তৈরি করা প্রয়োজন।
সভাপতির বক্তব্যে জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার ড. চৌধুরী ইশরাক আহমদ সিদ্দিকী বলেন, জেলা পরিষদের জনকল্যাণমূলক কার্যক্রমের অন্যতম লক্ষ্য হচ্ছে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন। সেলাই মেশিন পেয়ে সুবিধাভোগী নারীরা ঘরে বসে সেলাইয়ের কাজ করে আয় করতে পারবেন। এতে তাঁদের পরিবারের আর্থিক সচ্ছলতা বাড়বে এবং তাঁরা ধীরে ধীরে আত্মনির্ভরশীল হয়ে উঠতে পারবেন।
জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মোবারক হোসেন জানান, প্রাথমিক পর্যায়ে অবহেলিত, অসচ্ছল ও দুস্থ ৭৩ জন নারীকে বিনামূল্যে সেলাই মেশিন দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে মোট ৫০০ নারীকে এ সহায়তার আওতায় আনার পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে নারীদের ঘরে বসে আয়ের সুযোগ সৃষ্টি হবে এবং তাঁদের পরিবারের আর্থিক অবস্থার উন্নয়নে সহায়ক ভূমিকা রাখবে।
বক্তারা বলেন, অসচ্ছল নারীদের হাতে সেলাই মেশিন তুলে দেওয়ার এ উদ্যোগ শুধু তাৎক্ষণিক সহায়তা নয়; বরং তাঁদের কর্মসংস্থান সৃষ্টি, পরিবারের আয় বৃদ্ধি এবং আত্মমর্যাদার সঙ্গে জীবনযাপনের সুযোগ তৈরির একটি পদক্ষেপ। এ ধরনের উদ্যোগ বাস্তবায়নে সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতার আহ্বান জানান তাঁরা।
