স্টাফ করেসপন্ডেন্ট
শারদীয় দুর্গাপূজায় সারা দেশের পূজামণ্ডপগুলোর অগ্নিনিরাপত্তা নিশ্চিত করতে প্রস্তুত রয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। পূজা চলাকালে দেশের ৫৩৮টি ফায়ার স্টেশন স্ট্যান্ডবাই দায়িত্ব পালন করবে। পাশাপাশি কেন্দ্রীয় ও বিভাগীয় নিয়ন্ত্রণকক্ষ থেকে ২৪ ঘণ্টা পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে।
শনিবার (১৭ অক্টোবর) ঢাকার কাজী আলাউদ্দীন রোডে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সংস্থাটির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুল আফরীন জুনাইদ।
মহাপরিচালক বলেন, প্রতিবছরের মতো এবারও দুর্গাপূজায় অগ্নিনিরাপত্তা নিশ্চিত করতে বিস্তারিত কর্মসূচি নেওয়া হয়েছে। ফায়ার স্টেশনগুলো নিজ নিজ এলাকার পূজামণ্ডপের নিরাপত্তা দেখভাল করবে এবং স্থানীয় প্রশাসন ও পূজা উদ্যাপন কমিটির সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখবে।
তিনি জানান, পূজামণ্ডপ পরিদর্শনের সময় অগ্নিঝুঁকি পর্যবেক্ষণ, ঝুঁকি কমানোর পরামর্শ এবং জরুরি সহায়তার জন্য নিকটস্থ ফায়ার স্টেশনের ফোন নম্বর ও ১০২ হটলাইন নম্বর প্রচার করা হবে। বিভিন্ন স্থানে থাকা অস্থায়ী ফায়ার স্টেশনগুলোও সতর্ক অবস্থায় থাকবে। বিভাগ, জেলা ও জোন পর্যায়ের কর্মকর্তারাও জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত থাকবেন।
ফায়ার সার্ভিসের মহাপরিচালক আরও জানান, কেন্দ্রীয় নিয়ন্ত্রণকক্ষসহ সব বিভাগীয় নিয়ন্ত্রণকক্ষ দিনরাত ২৪ ঘণ্টা চালু থাকবে। জরুরি সহায়তার খবর পেলে ঘটনাস্থলের নিকটবর্তী এক বা একাধিক ফায়ার স্টেশনকে দ্রুত সাড়া দেওয়ার নির্দেশ দেওয়া হবে।
পূজামণ্ডপের অগ্নিনিরাপত্তা নিশ্চিতে ফায়ার সার্ভিসের বিভাগীয় ও জেলা কার্যালয় এবং ফায়ার স্টেশনগুলো স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। বিসর্জনস্থলে জনবল ও স্বেচ্ছাসেবকের পাশাপাশি সড়ক উদ্ধার সরঞ্জাম ও অ্যাম্বুলেন্স রাখা হবে। প্রয়োজন অনুযায়ী রাতে আলোকসজ্জার জন্য লাইটিং ইউনিটও মোতায়েন করা হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত গণমাধ্যমকর্মীদের উদ্দেশে মহাপরিচালক বলেন, “সচেতনতাই সুরক্ষা।” দায়িত্ব পালনের পাশাপাশি অগ্নিনিরাপত্তা বিষয়ে জনসচেতনতা বাড়াতে তিনি গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন।
