The Sangbad · রাজনীতি
এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য হলে ১৫ দিনের মধ্যে আবার পরীক্ষা : শিক্ষামন্ত্রী
১৩/১০/২০২৬

এসএসসি পরীক্ষায় সর্বোচ্চ দুটি বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের ফল প্রকাশের ১৫ দিনের মধ্যে আবার পরীক্ষা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। একই সঙ্গে ফেইল করার ধারা বছরের পর বছর চলতে না দিয়ে, যারা সাধারণ শিক্ষায় এগোতে পারবে না, তাদের কারিগরি শিক্ষাব্যবস্থায় নেওয়ার পরিকল্পনার কথা জানান তিনি।মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমিতে (আরডিএ) ৪৯তম বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে সদ্য নিয়োগপ্রাপ্ত ৬৫১ জন কর্মকর্তার ওরিয়েন্টেশন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।শিক্ষামন্ত্রী বলেন, ‘ঝরে পড়া শিক্ষার্থীদের আগামীর ভবিষ্যৎ হিসেবে গড়ে তোলার জন্য সরকার সর্বোচ্চ চেষ্টা করছে। অকৃতকার্যতার ঐতিহ্য বছরের পর বছর চলতে দেওয়া হবে না। সরকার শিক্ষার্থীদের জন্য বারবার পরীক্ষা নেওয়া অথবা কালক্ষেপণ করার সুযোগ দেবে না। এভাবে যারা এগোতে পারবে না, তাদের নিয়ে যাওয়া হবে কারিগরি শিক্ষা ব্যবস্থায়।’দেশে নৈতিকতার অবক্ষয় ঘটেছে উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, এই অবস্থা থেকে বেরিয়ে আসতে হবে। সে লক্ষ্যেই প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে সরকার বিদ্যালয়গুলোতে চতুর্থ শ্রেণি থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান, খেলাধুলা এবং নৈতিকতা শিক্ষার ওপর গুরুত্ব দিয়েছে। এর মাধ্যমে সরকার একটি প্রজন্মকে নৈতিকভাবে উন্নত করার কাজ শুরু করেছে। এরই মধ্যে প্রাথমিক পর্যায়ে খেলাধুলা শুরু করা হয়েছে, মাধ্যমিক পর্যায়েও হচ্ছে এবং আয়োজন করা হচ্ছে প্রধানমন্ত্রী গোল্ডকাপ। একই সাথে উৎসবমুখর পরিবেশে পড়ালেখা ও খেলাধুলার সমন্বয় করা হচ্ছে।শিক্ষা মন্ত্রণালয়ের সচিব (অতিরিক্ত দায়িত্ব) সরদার মো. কেরামত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা, আরডিএ’র ভারপ্রাপ্ত মহাপরিচালক ড. মো. আব্দুল মজিদ প্রামাণিক, মন্ত্রীর সহধর্মিনী ও জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি নাজমুন নাহার বেবী, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনউদ্দিন আল মাহমুদ সোহেল এবং নায়েমের মহাপরিচালক অধ্যাপক ড. ওয়াসীম মো. মেজবাহুল হক।ওরিয়েন্টেশন অনুষ্ঠান শেষে শিক্ষামন্ত্রী বেসরকারি উন্নয়ন সংস্থা ‘খান একাডেমি’ আয়োজিত ১০০টি শিক্ষা প্রতিষ্ঠানে নতুন শিক্ষা সহায়তা কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।
মূল প্রতিবেদনে যান ↗