গাজীপুরের টঙ্গীর চেরাগআলী এলাকায় এসেনশিয়াল ড্রাগ ইন্টারন্যাশনাল ফার্মাসিউটিক্যালসের কারখানার কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট কাজ করছে।
বুধবার (১৪ অক্টোবর) সকাল ১০টা ১৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেন। আগুনের তীব্রতা বিবেচনায় অতিরিক্ত ইউনিট পাঠানো হচ্ছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আগুন নিয়ন্ত্রণে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটসহ মোট ১৯টি ইউনিট কাজ করছে।
আগুন লাগার কারণ ও কীভাবে এর সূত্রপাত হয়েছে, তা এখনও জানা যায়নি।

টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শাহীন আলম জানান, সকাল ১০টা ২০ মিনিটে কারখানার চারতলা ভবনের চারতলায় আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ওষুধ তৈরির কাঁচামালের গুদাম ও সংলগ্ন এলাকায় ছড়িয়ে পড়ে।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের মিডিয়া সেলের প্রধান বা ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান শিকদার জানান, বুধবার সকাল ১০টা ১৫ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয় ফায়ার সার্ভিসের ইউনিটগুলো। সকাল ১০টা ২৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে তারা।
ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, সংশ্লিষ্ট স্টেশন থেকে ঘটনাস্থলের দূরত্ব প্রায় দুই কিলোমিটার। আগুনের সূত্রপাত, ক্ষয়ক্ষতির পরিমাণ ও হতাহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।
