
বরগুনার বামনায় নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল।
বরগুনার বামনায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল ও পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে ৬৩ জনের নাম উল্লেখ করে মামলা হয়েছে। মামলায় অজ্ঞাতনামা আরও ২৫০ জনকে আসামি করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার চারজনের জামিন আবেদন নামঞ্জুর করে তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার (২৩ অক্টোবর) সকালে বামনা উপজেলা সদরের ফায়ার সার্ভিস এলাকায় শতাধিক নেতাকর্মী ঝটিকা মিছিল বের করেন। মিছিল থেকে সরকারবিরোধী বিভিন্ন স্লোগানের পাশাপাশি আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের পক্ষেও স্লোগান দেওয়া হয়।
পুলিশ জানায়, মিছিলের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মিছিলকারীদের ছত্রভঙ্গ করতে ধাওয়া দেওয়া হয়। এ সময় বরগুনা জেলা ছাত্রলীগের সহসভাপতি রাফান জোমাদ্দার আকাশকে গ্রেপ্তার করা হয়। পরে একই দিন বিকেলে উপজেলার ডৌয়াতলা এলাকায় অভিযান চালিয়ে সোহাগ হাওলাদার, মো. রাব্বী ও ইব্রাহিমকে গ্রেপ্তার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোহাগ ও রাব্বী ছাত্রলীগের কর্মী এবং ইব্রাহিম আওয়ামী লীগের সমর্থক।
পুলিশের কাজে বাধা দেওয়া ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে বামনা থানার উপপরিদর্শক (এসআই) মো. শহিদুল ইসলাম বাদী হয়ে মামলাটি করেন। মামলায় ৬৩ জনের নাম উল্লেখ করা হয়েছে। অজ্ঞাতনামা আসামির সংখ্যা ২৫০।
গ্রেপ্তার চারজনকে আদালতে হাজির করা হলে তাঁদের আইনজীবীরা জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন খান বলেন,যারা উপজেলার শান্তি-শৃঙ্খলা নষ্ট করতে চায় তাদেরকে ছাড় দেওয়া হবে না,মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
